tanaka

এশিয়ান গেমস • কাবাডিতে কোরিয়া বধের পর বাংলাদেশের চোখ পদকে

এশিয়ান গেমসে পুরুষ কাবাডিতে দক্ষিণ কোরিয়াকে হারিয়েছে বাংলাদেশ। শক্তিশালী দক্ষিণ কোরিয়াকে হারিয়ে লাল-সবুজ দল এখন তাকিয়ে আছে দিনের দ্বিতীয় ম্যাচের দিকে। বিকেলে চাইনিজ তাইপেকে...
প্রচ্ছদজাতীয়অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

অবসরে দেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ

সংবিধান অনুযায়ী বয়সসীমা ৬৭ বছর পূর্ণ হওয়ায় দেশের বিচার বিভাগের শীর্ষ পদ থেকে শনিবার (২৭ ডিসেম্বর) আনুষ্ঠানিকভাবে অবসরে গেলেন বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ। এর মাধ্যমে তার দীর্ঘ ও বর্ণাঢ্য বিচারিক জীবনের পরিসমাপ্তি ঘটলো।

গণঅভ্যুত্থান-পরবর্তী প্রেক্ষাপটে তিনি ২০২৪ সালের ১১ আগস্ট বাংলাদেশের ২৫তম প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী ড. সৈয়দ রেফাত আহমেদ যুক্তরাজ্যের বিশ্বখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ওয়াডাম কলেজ থেকে আইন বিষয়ে প্রথম শ্রেণিতে স্নাতক ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে তিনি যুক্তরাষ্ট্রের টাফ্টস ইউনিভার্সিটির ফ্লেচার স্কুল অব ল অ্যান্ড ডিপ্লোমেসি থেকে মাস্টার্স ও পিএইচডি ডিগ্রি লাভ করেন। অভিবাসন আইন বিশেষজ্ঞ হিসেবে তিনি জাতিসংঘের শরণার্থী বিষয়ক সংস্থা ইউএনএইচসিআরের সঙ্গেও কাজ করেছেন।

তিনি ১৯৮৪ সালে ঢাকা জেলা আদালতে আইনজীবী হিসেবে পেশাজীবন শুরু করেন এবং ১৯৮৬ সালে হাইকোর্ট বিভাগে অন্তর্ভুক্ত হন। ২০০৩ সালের ২৭ এপ্রিল তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারক হিসেবে নিয়োগ পান এবং দুই বছর পর স্থায়ী বিচারপতি হন।

ড. সৈয়দ রেফাত আহমেদ বাংলাদেশের প্রথিতযশা আইনজীবী ও সাবেক অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ এবং ড. সুফিয়া আহমেদের সন্তান।

তার পিতা ব্যারিস্টার ইশতিয়াক আহমেদ দুই দফায় তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করেন। আর তার মা ভাষা আন্দোলনের সৈনিক ও একুশে পদকপ্রাপ্ত ড. সুফিয়া আহমেদ ছিলেন বাংলাদেশের প্রথম নারী জাতীয় অধ্যাপক।

প্রধান বিচারপতির দায়িত্ব গ্রহণের পরপরই ড. সৈয়দ রেফাত আহমেদ বিচার বিভাগের সংস্কারের লক্ষ্যে একটি রোডম্যাপ ঘোষণা করেন। সেই রোডম্যাপ অনুযায়ী বিচার বিভাগের জন্য পৃথক সচিবালয় গঠন এবং বিচারক নিয়োগে সুনির্দিষ্ট আইন প্রণয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন।