দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পেল চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি অভিনীত সিনেমা ‘ডাইরেক্ট অ্যাটাক’। আজ (শুক্রবার), ১৭ অক্টোবর, দেশের ৩০টি প্রেক্ষাগৃহে একযোগে প্রদর্শিত হচ্ছে ছবিটি।
এই সিনেমার কাজ শেষ করার পর থেকেই অভিনয় থেকে নিজেকে গুটিয়ে নেন পপি। দীর্ঘদিন গণমাধ্যম ও জনজীবন থেকে আড়ালে থাকার পরও তার অভিনয়ে ফেরার কোনো ইচ্ছা নেই বলেই জানা গেছে। ফলে ‘ডাইরেক্ট অ্যাটাক’ হতে যাচ্ছে পপির অভিনীত শেষ চলচ্চিত্র।
সাদেক সিদ্দিকীর পরিচালনায় নির্মিত এই সিনেমায় পপির সঙ্গে আরও কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করেছেন আমিন খান। এছাড়াও রয়েছেন শিরিন শিলা, মামনুন ইমন, আনিক রহমান অভি, রিপা, হেলাল খান, রেবেকা, আমির সিরাজী ও সাগর সিদ্দিকীসহ আরও অনেকে।
পরিচালক সাদেক সিদ্দিকী বলেন, “সমাজের অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদের গল্প বলতেই আমরা ‘ডাইরেক্ট অ্যাটাক’ নির্মাণ করেছি। দর্শকরা ছবিটি দেখে সন্তুষ্ট হবেন বলে বিশ্বাস করি।”
সিনেমাটির মুক্তি নিয়ে নির্বাহী প্রযোজক সেলিম শাকিব জানান, “এর আগে একাধিকবার মুক্তির পরিকল্পনা থাকলেও নানা কারণে তা সম্ভব হয়নি। এবার সব প্রস্তুতি সম্পন্ন। দেশব্যাপী ‘ডাইরেক্ট অ্যাটাক’ আজ মুক্তি পাচ্ছে।”



