বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের স্বত্বাধিকারী খায়রুল বাশারের মালিকানাধীন প্রায় চার কোটি টাকা মূল্যের তিনটি ফ্ল্যাট ক্রোক করেছে অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। বৃহস্পতিবার (১৬ অক্টোবর) এ তথ্য জানান সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দীন।
তিনি জানান, সিআইডির আবেদনের ভিত্তিতে ঢাকার একটি বিশেষ জজ আদালত ফ্ল্যাটগুলো ক্রোক এবং রিসিভার নিয়োগের আদেশ দিয়েছেন।
প্রাথমিক তদন্তে সিআইডি জানতে পারে, প্রতারণার মাধ্যমে বিপুল অর্থ উপার্জনের অভিযোগে গুলশান থানায় খায়রুল বাশারের বিরুদ্ধে মানি লন্ডারিং প্রতিরোধ আইনে মামলা দায়ের করা হয়। এরপর ১৪ জুলাই ধানমণ্ডি এলাকা থেকে তাকে গ্রেফতার করে আদালতে পাঠানো হয়।
জসিম উদ্দীন আরও জানান, নিজেকে শিক্ষাবিদ ও ব্যবসায়ী পরিচয় দিলেও খায়রুল বাশার বিএসবি গ্লোবাল নেটওয়ার্কের মাধ্যমে একটি সংঘবদ্ধ প্রতারকচক্রের সহযোগিতায় বিদেশে উচ্চশিক্ষার সুযোগ দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে শিক্ষার্থী ও অভিভাবকদের কাছ থেকে শত শত কোটি টাকা হাতিয়ে নেন।
প্রতারণার মাধ্যমে অর্জিত অর্থ দিয়ে তিনি যে তিনটি ফ্ল্যাট কিনেছেন, সেগুলোর বাজার মূল্য প্রায় চার কোটি টাকা বলে জানা গেছে।



