কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক নাহিদা বেগমের একমাত্র ছেলে ইশায়াত শাহরিয়ার অপ্রতিমকে (১৩) হত্যার রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে বলে জানিয়েছে পুলিশ। প্রাথমিক তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে পুলিশ ধারণা করছে, মায়ের আইফোন ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যেই অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে।
এ ঘটনায় বিস্তারিত তথ্য জানাতে রোববার (২০ সেপ্টেম্বর) দুপুর ১২টায় সংবাদ সম্মেলন করবে জেলা পুলিশ।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, অপ্রতিম নিখোঁজ হওয়ার পর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বিভিন্ন সিসিটিভি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা করে। একটি ফুটেজে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের কাছে অপ্রতিমের সঙ্গে এক কিশোরকে দেখা যায়। পরে ওই কিশোরকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়।
জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে শনিবার রাতে তার বাড়িতে অভিযান চালানো হয়। এ সময় অপ্রতিমের মায়ের আইফোনটি উদ্ধার করা হয়। একই ঘটনায় পরে আরও এক কিশোরকে আটক করা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ চলছে।
জেলা পুলিশের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন, ‘হত্যাকাণ্ডের রহস্য অনেকটাই উন্মোচিত হয়েছে। তদন্তে পাওয়া তথ্য ও আলামত বিশ্লেষণ করে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, আইফোনের জন্য অপ্রতিমকে হত্যা করা হয়ে থাকতে পারে।’
জেলা পুলিশের মিডিয়া কর্মকর্তা ও অতিরিক্ত পুলিশ সুপার মো. লুৎফর রহমান বলেন, ‘পুরো ঘটনার বিস্তারিত দুপুর ১২টার সংবাদ সম্মেলনে তুলে ধরা হবে।’
অপ্রতিম গত শুক্রবার দুপুরে কুমিল্লার কোটবাড়ীর গন্ধমতী এলাকার ভাড়া বাসা থেকে বের হয়ে নিখোঁজ হয়। বন্ধুদের সঙ্গে ছবি তোলার কথা বলে সে মায়ের আইফোনটি সঙ্গে নিয়ে বের হয়েছিল। অপ্রতিম বর্ডার গার্ড পাবলিক স্কুলের সপ্তম শ্রেণির শিক্ষার্থী ছিল।



