পবিত্র মক্কা ও মদিনার নিরাপত্তার প্রতি যেকোনো ধরনের হুমকি কিংবা হামলার অপচেষ্টা হলে বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে তা প্রতিহত করবে বলে মন্তব্য করেছেন ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
শনিবার (১৯ সেপ্টেম্বর) ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মো. ফরহাদ আহমেদের পাঠানো এক বিবৃতিতে ধর্মমন্ত্রী এ কথা বলেন।
বিবৃতিতে তিনি বলেন, পবিত্র মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারা বিশ্ব মুসলিমের কাছে সর্বোচ্চ মর্যাদাপূর্ণ পবিত্র স্থান। এ দুই নগরী মুসলিম উম্মাহর বিশ্বাস, আবেগ ও ভালোবাসার কেন্দ্র। তাই সেখানে কোনো ধরনের হামলা, আগ্রাসন বা নিরাপত্তার প্রতি হুমকি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।
ধর্মমন্ত্রী বলেন, প্রয়োজন হলে লাখ লাখ মুসলিম জীবন উৎসর্গ করে পবিত্র ভূমির মর্যাদা ও নিরাপত্তা রক্ষায় এগিয়ে আসবে। পবিত্র আল-হারামাইনের দুই ইমামের বক্তব্যের প্রতি সমর্থন জানিয়ে তিনি বলেন, মক্কা ও মদিনার পবিত্রতা ও নিরাপত্তা রক্ষা করা সমগ্র মুসলিম উম্মাহর সম্মিলিত দায়িত্ব।
তিনি আরও বলেন, পবিত্র ভূমির বিরুদ্ধে যেকোনো আগ্রাসন বা ষড়যন্ত্র বিশ্ব মুসলিম ঐক্যবদ্ধভাবে প্রতিহত করবে। বাংলাদেশের জনগণও পবিত্র দুই নগরীর নিরাপত্তা, মর্যাদা ও পবিত্রতা রক্ষার প্রশ্নে আপসহীন।
ধর্মমন্ত্রী বিশ্বের সব মুসলিম রাষ্ট্র ও মুসলিম উম্মাহকে বিভেদ ভুলে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান। তিনি বলেন, মক্কা আল-মুকাররমা ও মদিনা আল-মুনাওয়ারার বিরুদ্ধে বর্তমানে বা ভবিষ্যতে যেকোনো হুমকি কিংবা হামলার অপচেষ্টা সম্মিলিতভাবে প্রতিহত করতে মুসলিম বিশ্বের ঐক্য অপরিহার্য।
বিবৃতির শেষে ধর্মমন্ত্রী পবিত্র মক্কা ও মদিনার সার্বিক নিরাপত্তা এবং বিশ্ব মুসলিম উম্মাহর শান্তি, সংহতি ও কল্যাণের জন্য মহান আল্লাহর কাছে প্রার্থনা করেন।



