দীর্ঘ অপেক্ষার প্রহর শেষ করে ঢাকায় পৌঁছেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তাকে বহনকারী বিমানটি বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা ১১টা ৪০ মিনিটে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে একই বিমানটি সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। সেখানে প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে যাত্রা শুরু করে।
বুধবার রাত সোয়া ১২টার দিকে তারেক রহমানকে বহনকারী ফ্লাইটটি ঢাকার পথে রওনা হয়। এ সময় তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও মেয়ে ব্যারিস্টার জাইমা রহমান। এছাড়া দলের প্রায় ৫০ জন নেতাকর্মী একই ফ্লাইটে দেশে ফেরেন।
দীর্ঘ ১৭ বছর পর দেশে ফিরলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান। তার আগমনকে ঘিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নেওয়া হয় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা। তার জন্য একটি বুলেটপ্রুফ গাড়ি সকাল ৭টার কিছুক্ষণ আগে বিমানবন্দরে পৌঁছে। বিমানবন্দর থেকে পরবর্তী সব কর্মসূচিতে তিনি এই গাড়িতেই যাতায়াত করবেন।
এর আগে বুধবার (২৪ ডিসেম্বর) বাংলাদেশ সময় রাত সোয়া ১০টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দরে পৌঁছান তারেক রহমান। সে সময় যুক্তরাজ্য বিএনপির নেতাকর্মীরা তার সঙ্গে উপস্থিত ছিলেন।
বিএনপি সূত্র জানায়, বিমানবন্দরে ভিআইপি লাউঞ্জ ‘রজনীগন্ধা’য় কিছুক্ষণ অবস্থানের পর তিনি সড়কপথে কুড়িল হয়ে ৩০০ ফিট এলাকায় নির্মিত সংবর্ধনা মঞ্চে যাবেন। সেখানে তিনি সংক্ষিপ্ত বক্তব্য দেবেন এবং দুপুর ৩টা ৪০ মিনিট পর্যন্ত অবস্থান করবেন।
পরবর্তীতে তিনি সরাসরি এভারকেয়ার হাসপাতালে যাবেন। বিকেল ৪টা ১০ মিনিট থেকে প্রায় এক ঘণ্টা তিনি সেখানে চিকিৎসাধীন মা ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার পাশে অবস্থান করবেন। এরপর হাসপাতাল থেকে বেরিয়ে গুলশান অ্যাভিনিউয়ের ১৯৬ নম্বর বাসভবন ‘ফিরোজা’য় যাবেন।



