tanaka
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনঅঙ্কুশকে দেখে উন্মাদনায় নারী ভক্তরা, প্রিমিয়ারে হুলস্থূল কাণ্ড

অঙ্কুশকে দেখে উন্মাদনায় নারী ভক্তরা, প্রিমিয়ারে হুলস্থূল কাণ্ড

টালিউডে এখন উত্তেজনা তুঙ্গে। ‘রক্তবীজ ২’-এর প্রিমিয়ারে অঙ্কুশ হাজরাকে ঘিরে ঘটে গেল এক অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি। জনপ্রিয় এই খলনায়ক চরিত্রের অভিনেতাকে এক নজর দেখতে ভিড় জমায় অসংখ্য নারী ভক্ত। মুহূর্তেই হুড়োহুড়িতে সৃষ্টি হয় বিশৃঙ্খলা, আহতও হন কয়েকজন।

ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা যায়, শুক্রবার (২৬ সেপ্টেম্বর) ছবির প্রদর্শনীর আয়োজন করেছিলেন নির্মাতা জুটি নন্দিতা রায় ও শিবপ্রসাদ মুখার্জি। এদিন সন্ধ্যায় প্রেক্ষাগৃহে হাজির ছিলেন প্রসেনজিৎ চ্যাটার্জি, আবীর চ্যাটার্জি, কাঞ্চন মল্লিক, অনসূয়া মজুমদার, মিমি চক্রবর্তী, নুসরাত জাহানসহ টলিউডের অসংখ্য তারকা। শুরু থেকেই দর্শক ও ভক্তদের ভিড়ে টানটান উত্তেজনা বিরাজ করছিল।

এর মধ্যেই অঙ্কুশ হাজরা প্রবেশ করেন হলে। তাকে দেখেই কয়েকজন নারী ভক্ত ঝাঁপিয়ে পড়েন। হুড়োহুড়ির মধ্যে আহত হন কাহিনি–চিত্রনাট্যকার জিনিয়া সেন। ডান হাতের কব্জি মালিশ করতে করতে তিনি বলেন, ‘অঙ্কুশকে দেখেই মেয়েরা ঝাঁপাচ্ছেন। মাঝখান থেকে আমার হাত জখম হয়ে গেল! কব্জির হাড় ফুলে গেছে।’

খলনায়ক চরিত্রে অভিনয় করেও এমন উন্মাদনা দেখে অঙ্কুশ হেসেই বলেন, ‘নন্দিতা-শিবুদার ছবির এটাই আসল ম্যাজিক।’

এদিকে প্রিমিয়ার শেষে প্রসেনজিৎ চ্যাটার্জি জানান, বাংলা সিনেমার সবার জন্যই তিনি শুভকামনা করেন। মিমি চক্রবর্তী প্রিমিয়ারে বাবাকে সঙ্গে নিয়ে আসেন, আর নুসরাত জাহান জানান, তার সাম্প্রতিক হিট গান ‘অর্ডার ছাড়া বর্ডার পাস’–এর সাফল্যে তিনি ভীষণ উচ্ছ্বসিত।