tanaka

এক ‘শিউলিসন্ধ্যা’য় পরীমনি, জাঁকজমক ছেড়ে শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন

চোখধাঁধানো আয়োজনের বদলে এবার শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন উদযাপন করেছেন ঢালিউড অভিনেত্রী পরীমনি। ‘শিউলিসন্ধ্যা’ নামের এই আয়োজনে চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠিয়েছেন এক ভক্ত। সন্তানদের সঙ্গে আনন্দঘন সময় কাটানোর পাশাপাশি নিজের বিশেষ দিনের অনুভূতিও জানিয়েছেন অভিনেত্রী।
প্রচ্ছদলাইফষ্টাইলবিনোদনএক ‘শিউলিসন্ধ্যা’য় পরীমনি, জাঁকজমক ছেড়ে শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন

এক ‘শিউলিসন্ধ্যা’য় পরীমনি, জাঁকজমক ছেড়ে শিউলি ফুলের স্নিগ্ধতায় জন্মদিন

পরীমনির জন্মদিন মানেই একসময় ছিল চোখধাঁধানো আয়োজন, জমকালো সাজসজ্জা আর তারকাদের মিলনমেলা। তবে সময়ের সঙ্গে বদলেছে উদযাপনের ধরন। এবার আভিজাত্যের চাকচিক্যের বদলে শরতের শিউলি ফুলের স্নিগ্ধতায় বিশেষ দিনটি রাঙিয়েছেন ঢালিউডের আলোচিত অভিনেত্রী পরীমনি। জন্মদিনের আয়োজনের নামও রেখেছেন ‘শিউলিসন্ধ্যা’।

শনিবার (২৪ অক্টোবর) ছিল পরীমনির জন্মদিন। এবারের আয়োজনের মূল অনুষঙ্গ ছিল শিউলি ফুলের প্রতি তাঁর বিশেষ ভালোবাসা। ফুলের শুভ্রতা আর শরতের মায়াবী আবহে সাজানো হয় অনুষ্ঠানস্থল। এমনকি জন্মদিনের পোশাকেও শিউলি ফুলের সৌন্দর্য ফুটিয়ে তোলার চেষ্টা করেছেন এই অভিনেত্রী।

জন্মদিনের আয়োজনে শিউলি ফুলের উপস্থিতি নিশ্চিত করতে চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠিয়েছেন তাঁর এক ভক্ত। তবে ফুলের স্বল্পস্থায়িত্বের কারণে সেগুলো দিয়ে পুরো অনুষ্ঠানস্থল সাজানো সম্ভব হয়নি।

পরীমনি জানান, অক্টোবর মাস এলেই তাঁর মনে প্রথমে ভেসে ওঠে শিউলি ফুলের কথা। এই ফুলের প্রতি ভালো লাগা থেকেই জন্মদিনের আয়োজনের মূল ভাবনা হিসেবে শিউলিকে বেছে নিয়েছেন তিনি। তবে পরিকল্পনা অনুযায়ী পুরো আয়োজন সাজানো সহজ ছিল না।

শিউলি ফুল দিয়ে সাজসজ্জার চ্যালেঞ্জ সম্পর্কে পরীমনি বলেন, ‘শিউলি ফুলের কথা মাথায় রেখেই সব পরিকল্পনা সাজিয়েছি। ফেসবুকে স্ট্যাটাস দিয়েও বলেছিলাম আমাকে অনেকগুলো শিউলি ফুল এনে দিতে। কিন্তু এই ফুল চার-পাঁচ ঘণ্টার বেশি তাজা রাখা অসম্ভব।’

জন্মদিনের জন্য শিউলি ফুল সংগ্রহ করতে গিয়ে বিশেষ এক অভিজ্ঞতার মুখোমুখি হন অভিনেত্রী। তাঁর এক ভক্ত চট্টগ্রাম থেকে বিমানে করে ফুল পাঠালেও সেগুলো দিয়ে পুরো অনুষ্ঠানস্থল সাজানো সম্ভব হয়নি। শেষ পর্যন্ত সংগ্রহ করা ফুলগুলো বিছিয়ে দেওয়া হয় অনুষ্ঠানস্থলের সিঁড়িতে।

পুরো আয়োজনকে শিউলি ফুলের বাগানে রূপ দেওয়ার ইচ্ছা ছিল পরীমনির। বাস্তবতার কারণে সেই স্বপ্ন পূরণ না হলেও নিজের সাজে প্রিয় ফুলের আবহ ফুটিয়ে তুলেছেন তিনি।

এ প্রসঙ্গে পরীমনি বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল পুরো জায়গাটি শিউলি ফুলের বাগান বানিয়ে ফেলব। বাস্তবতায় তা সম্ভব না হওয়ায় নিজেই একটু শিউলি ফুলের মতো করে সেজেছি।’

পরীমনির জন্মদিন উদযাপনের ধরনে এই পরিবর্তনের পেছনে রয়েছে জীবনের নানা অভিজ্ঞতা। ২০২৩ সালে প্রিয় নানাকে হারানোর পর থেকে তাঁর জীবনযাপন ও জন্মদিন উদযাপনে পরিবর্তন লক্ষ করা যায়। আগের মতো জাঁকজমকপূর্ণ আয়োজনের পরিবর্তে এখন কাছের মানুষদের সঙ্গে একান্তে সময় কাটাতেই বেশি স্বাচ্ছন্দ্যবোধ করেন তিনি।

এবারও জন্মদিনের প্রথম প্রহর কেটেছে দুই সন্তান পুণ্য ও প্রিয়মকে ঘিরে। সন্তানদের ভালোবাসা, ভক্তদের শুভেচ্ছা এবং সহকর্মীদের অভিনন্দনে বিশেষ দিনটি হয়ে ওঠে স্মরণীয়। চাকচিক্যের বদলে শিউলি ফুলের শুভ্রতা আর তারকাদের ভিড়ের পরিবর্তে প্রিয়জনদের সান্নিধ্যে জীবনের নতুন আরেকটি বছরকে স্বাগত জানান পরীমনি।

জন্মদিনে সবার ভালোবাসা ও শুভেচ্ছা পেয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেছেন এই অভিনেত্রী। তিনি বলেন, ‘আমি সবার প্রতি কৃতজ্ঞ। শুরু থেকেই সবাই আমাকে যেভাবে ভালোবাসা দিয়েছেন, পাশে থেকেছেন, আশীর্বাদ করেছেন; সবকিছু ছাপিয়ে আমাকে ভালোবেসেছেন, সেই ভালোবাসার জন্য আমি কৃতজ্ঞ। এর বিপরীতে আমি সুন্দর সুন্দর কাজ ছাড়া আর কিছুই দিতে পারব না। সেটাই যেন করতে পারি, দোয়া করবেন।’

ব্যক্তিজীবনের পাশাপাশি কাজ নিয়েও ব্যস্ত সময় পার করছেন পরীমনি। সম্প্রতি নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ওয়েব সিনেমা ‘সেপারেশন’-এ অভিনয় করেছেন তিনি। এতে তাঁর সহশিল্পী হিসেবে রয়েছেন ইমতিয়াজ বর্ষণ।