tanaka
প্রচ্ছদজাতীয়হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

স্বাস্থ্য পরীক্ষার জন্য এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। রোববার রাত ৮টার দিকে তার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক এজেডএম জাহিদ হোসেন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, খালেদা জিয়ার জন্য গঠিত মেডিকেল বোর্ডের পরামর্শে কয়েকটি পরীক্ষা প্রয়োজন হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তিনি কেবিনে আছেন। পরীক্ষার ফলাফল পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে মেডিকেল বোর্ড।

এদিকে রোববার ঢাকায় সফররত ভুটানের প্রধানমন্ত্রী শেরিং তোবগের সঙ্গে বেগম খালেদা জিয়ার সাক্ষাৎ হওয়ার কথা থাকলেও তার অসুস্থতার কারণে সেই সাক্ষাৎ হয়নি বলে দলের একটি সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

এভারকেয়ার হাসপাতালের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক শাহাবুদ্দিন তালুকদারের তত্ত্বাবধানে একটি মেডিকেল বোর্ড দীর্ঘদিন ধরে তার বাসায় চিকিৎসা সেবা প্রদান করছে।

৭৯ বছর বয়সী বেগম খালেদা জিয়া দীর্ঘদিন ধরে আর্থ্রাইটিস, ডায়াবেটিস, কিডনি ও ফুসফুসের জটিলতা, চোখের সমস্যা সহ বিভিন্ন স্বাস্থ্য জটিলতায় ভুগছেন। সর্বশেষ গত ১৫ অক্টোবর তিনি এভারকেয়ার হাসপাতালে ভর্তি হয়ে একদিন অবস্থান করে প্রয়োজনীয় স্বাস্থ্য পরীক্ষা করান।

গত ৮ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তিনি যুক্তরাজ্যের লন্ডনে যান। সেখানে লন্ডন ক্লিনিকে টানা ১৭ দিন ভর্তি থাকার পর ২৫ জানুয়ারি ছেলে তারেক রহমানের বাসায় থেকে ক্লিনিকের বিশেষজ্ঞ চিকিৎসক অধ্যাপক প্যাট্রিক কেনেডি ও অধ্যাপক জেনিফার ক্রসের তত্ত্বাবধানে চিকিৎসা নেন। যুক্তরাজ্যে চিকিৎসা শেষে গত ৬ মে তিনি দেশে ফেরেন।