গাজায় যুদ্ধবিরতি কার্যকর থাকা সত্ত্বেও ইসরাইল প্রায় প্রতিদিনই হামলা চালাচ্ছে বলে অভিযোগ করেছে গাজা প্রশাসন। তাদের দাবি, গত ৪৪ দিনে ইসরাইলি বাহিনী অন্তত ৫০০ বার যুদ্ধবিরতি লঙ্ঘন করেছে। এসব হামলায় এখন পর্যন্ত তিন শতাধিক ফিলিস্তিনি নিহত হয়েছেন।
গাজার গণমাধ্যম কার্যালয় জানায়, যুদ্ধবিরতি শুরু হওয়ার পর থেকে ইসরাইল ৪৯৭ বার হামলা পরিচালনা করেছে। এতে ৩৪২ জন বেসামরিক ফিলিস্তিনি নিহত হয়েছেন; নিহতদের মধ্যে নারী, শিশু ও প্রবীণ নাগরিকের সংখ্যা বেশি।
শনিবার (২২ নভেম্বর) এক বিবৃতিতে সংস্থাটি জানায়, যুদ্ধবিরতি বলবৎ থাকলেও ইসরাইলি বাহিনী ধারাবাহিকভাবে চুক্তি লঙ্ঘন করছে। এটি আন্তর্জাতিক মানবাধিকার আইন ও মানবিক প্রোটোকল ভঙ্গের উদাহরণ বলে তারা উল্লেখ করে।
বিবৃতিতে আরও জানানো হয়, শনিবার একদিনেই যুদ্ধবিরতি ভঙ্গের ২৭টি ঘটনা ঘটেছে, যাতে ২৪ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন।
এদিকে যুদ্ধবিরতির শর্ত অনুযায়ী ত্রাণ ও চিকিৎসাসামগ্রী প্রবেশের কথা থাকলেও ইসরাইল এখনও কড়াকড়ি আরোপ করে রেখেছে।
শনিবার সারা গাজায় ইসরাইলি বিমান হামলায় অন্তত ২৪ ফিলিস্তিনি নিহত হন, যার মধ্যে কয়েকজন শিশু রয়েছে।
নেতানিয়াহুর দপ্তর জানায়, ‘ইয়েলো লাইন’-এর কাছে এক হামাস সদস্য ইসরাইলি সেনাদের ওপর হামলা চালানোর পর পাল্টা এই আক্রমণ করা হয়।
জবাবে হামাস ওই যোদ্ধার পরিচয় প্রকাশের দাবি জানিয়েছে। সংগঠনের রাজনৈতিক ব্যুরোর সিনিয়র নেতা ইজ্জাত আল-রিশেক মধ্যস্থতাকারী দেশ ও যুক্তরাষ্ট্রকে ইসরাইলের ওপর চাপ বাড়ানোর আহ্বান জানিয়েছেন, যাতে তারা শর্ত মেনে চলে।
তার অভিযোগ, ইসরাইল নতুন করে যুদ্ধ শুরুর অজুহাত তৈরি করছে এবং যুদ্ধবিরতি ভঙ্গের দায় হামাসের ওপর চাপানো হচ্ছে—যা সম্পূর্ণ ভিত্তিহীন।



