ফুয়াদের জন্য আসন ছাড়লে কপাল পুড়বে সেলিমা-জয়নুলের
গুঞ্জন রয়েছে, আসনটি আমার বাংলাদেশ (এবি) পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদকে ছেড়ে দিতে পারে বিএনপি। এ আসনে বিএনপির দলীয় মনোনয়ন পেতে সক্রিয় আছেন স্থায়ী কমিটির সদস্য ও সাবেক সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী সেলিমা রহমান এবং দলের কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। দলীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালে নবম জাতীয় সংসদ নির্বাচনে সেলিমা রহমান এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন। তখন জয়নুল আবেদীন হয়েছিলেন স্বতন্ত্র প্রার্থী। দুজনই পরাজিত হন জাতীয় পার্টির প্রার্থী গোলাম কিবরিয়া টিপুর কাছে। এবারও সেলিমা ও জয়নুল মনোনয়ন চান এই আসনে।
বরিশাল-৩ আসনে দলীয় প্রার্থী ঘোষণার বিষয়ে জানতে চাইলে সেলিমা রহমান জাগো নিউজকে বলেন, ‘এ বিষয়ে আসলে আমার বলার তেমন কিছু নেই। দল যাকে চূড়ান্ত করবে, আমরা তাকেই মেনে নেবো। হয়তো তারা চিন্তাভাবনা করছেন। আমরা যেহেতু দুজনই সিনিয়র, তাই একটু সময় নিচ্ছে।’ মনোনয়ন পাওয়ার বিষয়ে আশাবাদী কি না জানতে চাইলে তিনি বলেন, ‘আমরা রাজনীতি করি। তাই সব সময়ই আমরা আশাবাদী। আশাবাদী না হলে রাজনীতির মধ্য দিয়ে দেশ ও মানুষের কল্যাণ করা যায় না।’
মনোনয়ন প্রশ্নে বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান জয়নুল আবেদীন জাগো নিউজকে বলেন, ‘মনোনয়ন যে কেউ চাইতেই পারেন। যদি কেউ দল করেন, তাকে দলের সিদ্ধান্ত মানতে হবে। ২০১৮ সালের নির্বাচনে অংশ নিয়েছি। সেই থেকে এই এলাকার সাধারণ মানুষের জন্য কাজ করেছি। দল মনোনয়ন দিলে সাধারণ মানুষ তাদের ভোটের মাধ্যমে আমার কাজের মূল্যায়ন করবে।’
রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, বিএনপি হয়তো কৌশলগত কারণেই এ আসনটি খালি রেখেছে। এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদের সঙ্গে ভবিষ্যৎ জোট বা সমঝোতার অংশ হিসেবে দলটি এ আসন ছেড়ে দিতে পারে।



