tanaka
প্রচ্ছদঅন্যান্যট্রাম্পের জলবায়ু নীতি: ১৩ লাখ অতিরিক্ত মৃত্যুর ঝুঁকি

ট্রাম্পের জলবায়ু নীতি: ১৩ লাখ অতিরিক্ত মৃত্যুর ঝুঁকি

ডোনাল্ড ট্রাম্পের ‘আমেরিকা ফার্স্ট’ জলবায়ু নীতি বৈশ্বিক উষ্ণায়নের ক্ষেত্রে বড় হুমকি হিসেবে দেখা দিচ্ছে। সম্প্রতি প্রোপাবলিকা ও দ্য গার্ডিয়ানের যৌথ বিশ্লেষণে বলা হয়েছে, ট্রাম্প প্রশাসনের জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ বাড়ানো এবং নির্গমন নিয়ন্ত্রণ শিথিল করার কারণে আগামী দশকে অতিরিক্ত কার্বন নির্গমন উল্লেখযোগ্য হারে বাড়তে পারে। এর ফলে ২০৩৫ সাল পরবর্তী ৮০ বছরে বিশ্বে তাপ-সম্পর্কিত মৃত্যুর সংখ্যা প্রায় ১৩ লাখ বৃদ্ধি পেতে পারে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে আফ্রিকা ও দক্ষিণ এশিয়ার উষ্ণ ও উন্নয়নশীল দেশগুলো। যদিও এই অঞ্চলের কার্বন নির্গমন তুলনামূলক কম, তবুও তীব্র গরম মোকাবিলার জন্য অবকাঠামো এবং প্রস্তুতির সক্ষমতা দুর্বল। ভারত, পাকিস্তানসহ এসব দেশে গরম-সংক্রান্ত মৃত্যু দ্রুত বাড়তে পারে।

যুক্তরাষ্ট্র বিশ্বের মোট জনসংখ্যার মাত্র ৪ শতাংশ হলেও বৈশ্বিক গ্রিনহাউস গ্যাসের ২০ শতাংশ নির্গমন করছে। তবুও ট্রাম্প প্রশাসন প্যারিস চুক্তি থেকে সরে গিয়ে কয়লা, তেল ও গ্যাস উৎপাদন সহজতর করেছে এবং যানবাহন, বিদ্যুৎকেন্দ্র ও অন্যান্য খাতের নির্গমন নিয়ন্ত্রণ শিথিল করেছে।

বিশ্লেষণ অনুযায়ী, ট্রাম্পের নীতির ফলে যুক্তরাষ্ট্রে নবায়নযোগ্য জ্বালানি, বৈদ্যুতিক যানবাহন ও শিল্প খাতে অর্জিত অগ্রগতি পিছিয়ে যাচ্ছে। এর সরাসরি প্রভাব পড়বে বৈশ্বিক জলবায়ু এবং মানবজীবনে। বিশেষজ্ঞরা আশঙ্কা করছেন, এই অতিরিক্ত মৃত্যুহার মূলত তাপদাহ, স্ট্রোক, হৃদরোগ ও শ্বাসকষ্টের মতো তাপ-সংক্রান্ত কারণে ঘটবে। পাশাপাশি, খরা, খাদ্য সংকট, বন অগ্নিকাণ্ড, রোগ বিস্তার ও অন্যান্য জলবায়ু দুর্যোগ আরও জটিল হয়ে উঠবে।