tanaka

২৬ সেপ্টেম্বর ২০২৬: ২২ ক্যারেট স্বর্ণের ভরি ২ লাখ ৩২ হাজার ৯৩০ টাকা

দেশের বাজারে আবারও কমেছে ২২ ক্যারেট স্বর্ণের দাম। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, প্রতি ভরি ২২ ক্যারেট স্বর্ণের দাম ১ হাজার ৬৯১ টাকা কমিয়ে ২ লাখ...
প্রচ্ছদআদালততত্ত্বাবধায়ক সরকারের গঠন নির্ধারণ করবে পরবর্তী সংসদ: অ্যাটর্নি জেনারেল

তত্ত্বাবধায়ক সরকারের গঠন নির্ধারণ করবে পরবর্তী সংসদ: অ্যাটর্নি জেনারেল

অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান বলেছেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর নতুন সংবিধান ছাপা উচিত। দেশে নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনরায় কার্যকর হয়েছে, তবে এর গঠন নির্ধারণ করবে পরবর্তী সংসদ।

বৃহস্পতিবার (২০ নভেম্বর) রায় ঘোষণার পর প্রাথমিক প্রতিক্রিয়ায় তিনি বলেন, “তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার পুনর্বহালের মাধ্যমে মানুষ এবার নিজের ভোট নিজে দিতে পারবে। আর দিনের ভোট রাতে হবে না এবং মৃত ব্যক্তির ভোট দেওয়ার সুযোগ থাকবে না। দেশের গণতান্ত্রিক পথ শুরু হয়েছে।” তিনি আরও উল্লেখ করেন, তৎকালীন প্রধান বিচারপতি এ বি এম খায়রুল হক তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করে গণতন্ত্রকে ক্ষতিগ্রস্ত করেছিলেন।

অ্যাটর্নি জেনারেল বলেন, পূর্ণাঙ্গ রায় প্রকাশের পর জানা যাবে পরবর্তী তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টার নাম এবং পূর্বের ব্যবস্থা অনুযায়ী হবে নাকি জুলাই সনদ অনুসারে।

এর আগে সকাল ৯:৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাতজনের পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক রায় ঘোষণা করেন। বেঞ্চের অপর ছয় বিচারপতি ছিলেন: মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।

গত ১১ নভেম্বর শুনানির পর ২০ নভেম্বর রায়ের দিন ধার্য করেন সর্বোচ্চ আদালত। শুনানিতে বিএনপি, জামায়াত ও অন্যান্য আপিলকারীর আইনজীবীরা বলেন, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফিরে এসেছে, তবে আগামী নির্বাচন হবে অন্তর্বর্তী সরকারের অধীনে, আর চতুর্দশ সংসদ নির্বাচন হবে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে।

২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতামতের ভিত্তিতে সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছিল। ৫ আগস্ট সরকার পরিবর্তনের পর তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনঃপ্রবর্তনের জন্য নতুন আইনি লড়াই শুরু হয়।

চলতি বছরের ২৭ আগস্ট তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনার আবেদন মঞ্জুর করেন সর্বোচ্চ আদালত। এরপর ড. বদিউল আলম মজুমদারসহ ৫ জন, বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও জামায়াতের সেক্রেটারি জেনারেল গোলাম পরওয়ার আপিল করেন।