সংবিধানের ত্রয়োদশ সংশোধনী বৈধ ঘোষণা করে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা পুনর্বহালের রায় দিয়েছেন আপিল বিভাগ। রায়ের পর আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল হয়েছে এবং এটি পরবর্তী সংসদ থেকে কার্যকর হবে।
রোববার (২০ নভেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বে সাত বিচারপতির পূর্ণাঙ্গ আপিল বিভাগ ঐতিহাসিক এই রায় ঘোষণা করেন। বেঞ্চের অন্যান্য বিচারপতিদের মধ্যে ছিলেন মো. আশফাকুল ইসলাম, জুবায়ের রহমান চৌধুরী, মো. রেজাউল হক, এস এম ইমদাদুল হক, এ কে এম আসাদুজ্জামান ও ফারাহ মাহবুব।
আপিল বিভাগ জানায়, বর্তমান অন্তর্বর্তী সরকারের অধীনে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। তবে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা চতুর্দশ সংসদ নির্বাচন থেকে কার্যকর হবে।
রায়ের মূল বিষয়গুলো:
১. পূর্বের রায় বাতিল: আদালত পূর্বের রায়টি ভুল হিসেবে বাতিল করেছে এবং সংশ্লিষ্ট সব আপিল মঞ্জুর করা হয়েছে।
২. তত্ত্বাবধায়ক সরকারের পুনরুদ্ধার: সংবিধানের চতুর্দশ খণ্ডের ২এ অধ্যায় পুনরুজ্জীবিত হয়েছে, যা নির্দলীয় তত্ত্বাবধায়ক সরকার সম্পর্কিত। এটি ১৯৯৬ সালের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে সংবিধানে সংযুক্ত হয়েছিল।
৩. কার্যকারিতা শর্তসাপেক্ষ: পুনর্বহাল স্বয়ংক্রিয় হলেও, কার্যক্রম শুরু হবে ত্রয়োদশ সংশোধনীর ৫৮খ(১) ও ৫৮গ(২) অনুচ্ছেদ কার্যকর হওয়ার পর।
৪. ভবিষ্যতের জন্য প্রযোজ্যতা: এই রায় কেবল ভবিষ্যৎ থেকে প্রযোজ্য হবে; অতীতের ঘটনা এতে অন্তর্ভুক্ত নয়।
পূর্বপ্রেক্ষাপট: ২০১১ সালের ১০ মে তৎকালীন আপিল বিভাগ সংখ্যাগরিষ্ঠ মতের ভিত্তিতে ত্রয়োদশ সংশোধনী বাতিল ঘোষণা করেছিল। সরকার পরিবর্তনের পর ৫ আগস্ট থেকে তত্ত্বাবধায়ক সরকার পুনরায় কার্যকর করার জন্য নতুন আইনি লড়াই শুরু হয়। চলতি বছরের ২৭ আগস্ট সর্বোচ্চ আদালত এই রায়ের পুনর্বিবেচনা মঞ্জুর করেন।
এপিল শুনানিতে বিএনপির পক্ষ থেকে সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন ও ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল, জামায়াতের পক্ষ থেকে মোহাম্মদ শিশির মনির, পাঁচ নাগরিকের পক্ষে সিনিয়র আইনজীবী শরীফ ভূঁইয়া এবং রাষ্ট্রপক্ষে অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান অংশগ্রহণ করেন।



