চার দিনের সফরে আজ ঢাকায় পৌঁছাচ্ছেন কমনওয়েলথ মহাসচিব শার্লি বচওয়ে। ২০২৬ সালের ফেব্রুয়ারিতে অনুষ্ঠিতব্য জাতীয় নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন স্টেকহোল্ডারের সঙ্গে আলোচনা জোরদারের অংশ হিসেবে এ সফর অনুষ্ঠিত হচ্ছে।
কমনওয়েলথ জানায়, ২০–২৪ নভেম্বর নির্ধারিত এ সফরে মহাসচিব দেশের অন্তর্বর্তী সরকারের শীর্ষ পর্যায়ের কর্মকর্তা, প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনুস, রাজনৈতিক দলগুলোর নেতা, প্রধান নির্বাচন কমিশনার, বিভিন্ন দেশের হাইকমিশনারসহ নানা পর্যায়ের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন।
সফরে শান্তি ও স্থিতিশীলতা, গণতন্ত্র, সুশাসন এবং বাংলাদেশের দীর্ঘমেয়াদি সমৃদ্ধি নিশ্চিত করতে কমনওয়েলথের সহযোগিতা কীভাবে বাড়ানো যায়—তা নিয়ে আলোচনা হবে। তিনি কমনওয়েলথের নতুন স্ট্র্যাটেজিক প্ল্যানও উপস্থাপন করবেন, যার অন্যতম মূল স্তম্ভ গণতন্ত্র। পাশাপাশি বাংলাদেশ কোন ধরনের সহায়তা পেলে সবচেয়ে বেশি উপকৃত হবে, তা খতিয়ে দেখবেন বলেও জানানো হয়েছে।
সফর পূর্ববর্তী এক বিবৃতিতে শার্লি বচওয়ে বলেন, স্বাধীনতার পরপরই কমনওয়েলথে যোগ দেওয়ার মাধ্যমে বাংলাদেশ গুরুত্বপূর্ণ অংশীদার হিসেবে অবস্থান তৈরি করেছে। বিস্তৃত পরিসরের অংশীদারের সঙ্গে কথা বলে তিনি দেশের বর্তমান প্রেক্ষাপট সরাসরি বোঝার চেষ্টা করবেন এবং পারস্পরিক সম্মানের ভিত্তিতে সম্ভাব্য সহযোগিতার ক্ষেত্র নির্ধারণ করবেন।
তিনি আরও বলেন, আগামী নির্বাচনের আগে কমনওয়েলথ ও বাংলাদেশের দীর্ঘদিনের অংশীদারিত্ব আরও তাৎপর্যপূর্ণ হয়ে উঠেছে। বাংলাদেশের শান্তিপূর্ণ, অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক রাজনৈতিক পরিবেশ নিশ্চিত করতে কমনওয়েলথ প্রতিশ্রুতিবদ্ধ।
কমনওয়েলথের পক্ষ থেকে জানানো হয়, মহাসচিবের এ সফরটি গত মাসে প্রাক-নির্বাচনি মূল্যায়ন দলের বাংলাদেশ সফরের ধারাবাহিকতা। দলটি বিভিন্ন রাজনৈতিক ও নাগরিক অংশীদারের সঙ্গে বৈঠক করে নির্বাচনের পরিবেশ নিবিড়ভাবে পর্যালোচনা করেছিল।



