গাজায় শীতের আগমনের সঙ্গে খাদ্য ও জীবনরক্ষাকারী সামগ্রীর তীব্র সংকট আরও প্রকট হচ্ছে। এ অবস্থায় মানবিক সাহায্য প্রবেশে বাধা দিয়ে ইসরাইল আন্তর্জাতিক আইন লঙ্ঘন করছে বলে মন্তব্য করেছেন ফিলিস্তিনি শরণার্থীদের জন্য জাতিসংঘের সংস্থা ইউএনআরডব্লিউএ’র ডেপুটি কমিশনার জেনারেল নাটালি বোকলি।
অনলাইন গার্ডিয়ানের বরাতে জানা গেছে, ব্রাসেলসে সাম্প্রতিক সফরে দেওয়া এক সাক্ষাৎকারে বোকলি বলেন, গাজায় বাধাহীনভাবে সাহায্য প্রবেশ নিশ্চিত করতে ইসরাইলের ওপর ইউরোপীয় ইউনিয়ন, যুক্তরাষ্ট্রসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের আরও জোরালো চাপ প্রয়োজন।
তিনি জানান, ইউএনআরডব্লিউএ’র কাছে খাদ্য, ত্রাণশিবিরের তাঁবুসহ বিভিন্ন জরুরি সামগ্রী মজুত আছে, যা দিয়ে প্রায় ৬ হাজার ট্রাক পাঠানো সম্ভব। শীত ও দুর্ভিক্ষ পরিস্থিতির প্রেক্ষিতে এই সহায়তা দ্রুত গাজায় পৌঁছানো জরুরি হলেও এগুলো জর্ডান ও মিশরে আটকে রয়েছে। তার ভাষায়, “গাজায় দৈনিক ৫০০–৬০০ ট্রাক সাহায্য প্রয়োজন, কিন্তু প্রবেশ করছে তার অর্ধেকও নয়।”
বোকলি অভিযোগ করেন, অধিকৃত ভূখণ্ডের নিয়ন্ত্রণকারী শক্তি হিসেবে ইসরাইল আন্তর্জাতিক মানবিক আইন—বিশেষত চতুর্থ জেনেভা কনভেনশন—মানছে না। তিনি আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ২২ অক্টোবরের পরামর্শমূলক রায়ের উল্লেখ করেন, যেখানে বলা হয়েছে, অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডের জনগণকে ‘জীবনের প্রয়োজনীয় জিনিস’ নিশ্চিত করা ইসরাইলের দায়িত্ব এবং এ বিষয়ে ইউএনআরডব্লিউএ’র সঙ্গে সহযোগিতা করা উচিত।
আইসিজে আরও জানায়, ইউএনআরডব্লিউএ’র নিরপেক্ষতা নিয়ে ইসরাইলের বিস্তৃত অভিযোগের পক্ষে প্রমাণ নেই। ৭ অক্টোবর ২০২৩-এর হামলায় সম্ভাব্য সম্পৃক্ততার অভিযোগে সংস্থার মাত্র নয়জন কর্মী বরখাস্ত হয়েছিলেন, তবে হামাসের ব্যাপক অনুপ্রবেশের অভিযোগ প্রমাণিত হয়নি। ইসরাইল এর আগেই এসব অভিযোগ তুলে ইউএনআরডব্লিউএ’র সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করে।



