বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে ঘিরে গত জুলাই-আগস্টে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রায় ঘোষণার তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ১৭ নভেম্বর।
বৃহস্পতিবার (১৩ নভেম্বর) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল এ আদেশ দেন।
এদিন ট্রাইব্যুনালে চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলামসহ অন্য প্রসিকিউটররা উপস্থিত ছিলেন। আসামিপক্ষের পক্ষে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী মো. আমির হোসেন উপস্থিত থেকে শুনানিতে অংশ নেন।
এর আগে গত ২৩ অক্টোবর মামলাটিতে প্রসিকিউশন ও আসামিপক্ষের যুক্তিতর্ক ও সমাপনী বক্তব্য শেষ হয়। সেদিন চিফ প্রসিকিউটর মোহাম্মদ তাজুল ইসলাম ও অ্যাটর্নি জেনারেল মো. আসাদুজ্জামান প্রসিকিউশন পক্ষে চূড়ান্ত বক্তব্য উপস্থাপন করেন। অন্যদিকে রাষ্ট্রনিযুক্ত আইনজীবী আমির হোসেন আসামিদের পক্ষে যুক্তি উপস্থাপন করেন।
মানবতাবিরোধী অপরাধের এ মামলায় পলাতক দুই আসামি শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের পক্ষে স্টেট ডিফেন্স আইনজীবীরা যুক্তিতর্ক উপস্থাপন করেন। উপস্থিত আসামি সাবেক পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুনের পক্ষে যুক্তি তুলে ধরেন আইনজীবী যায়েদ বিন আমজাদ।
প্রসিকিউশন পক্ষ থেকে শেখ হাসিনা ও আসাদুজ্জামান খানের সর্বোচ্চ শাস্তি দাবি করা হয়। অন্যদিকে আসামিপক্ষ তাদের নির্দোষ দাবি করে খালাস প্রার্থনা করে।
গত ১০ জুলাই ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের সময় সংঘটিত অপরাধের দায় স্বীকার করেন চৌধুরী আবদুল্লাহ আল মামুন। ট্রাইব্যুনালে তিনি বলেন,
“জুলাই-আগস্টে আন্দোলন চলাকালে আমাদের বিরুদ্ধে হত্যা ও গণহত্যার যে অভিযোগ আনা হয়েছে, তা সত্য। আমি রাজসাক্ষী হয়ে আদালতে সত্য প্রকাশ করতে চাই।”
বিচারপতি মো. গোলাম মর্তূজা মজুমদারের নেতৃত্বাধীন ট্রাইব্যুনাল মামলায় আনুষ্ঠানিকভাবে অভিযোগ গঠন করে এবং আসামিদের অব্যাহতির আবেদন খারিজ করে দেয়।
প্রসিকিউশন পক্ষ মামলায় তিন আসামির বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের পাঁচটি অভিযোগ আনে। আনুষ্ঠানিক অভিযোগের মোট পৃষ্ঠা ৮ হাজার ৭৪৭, যার মধ্যে তথ্যসূত্র ২ হাজার ১৮ পৃষ্ঠা, জব্দতালিকা ও দালিলিক প্রমাণাদি ৪ হাজার ৫ পৃষ্ঠা, এবং শহীদদের তালিকার বিবরণ ২ হাজার ৭২৪ পৃষ্ঠা।



