চলতি শীত মৌসুমে দেশে ৪ থেকে ৭টি মৃদু (৮–১০ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৬–৮ ডিগ্রি সেলসিয়াস) মাত্রার শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দেশের উত্তর-পশ্চিম, উত্তর-পূর্ব ও মধ্যাঞ্চলে ২ থেকে ৩টি শৈত্যপ্রবাহ তীব্র আকারে (৪–৬ ডিগ্রি সেলসিয়াস) দেখা দিতে পারে।
আবহাওয়া অফিসের তিন মাসব্যাপী (নভেম্বর–জানুয়ারি) মৌসুমি পূর্বাভাসে এসব তথ্য জানানো হয়েছে। পূর্বাভাসে বলা হয়, নভেম্বর থেকে দিন ও রাতের তাপমাত্রা ধীরে ধীরে কমবে, তবে তা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।
এছাড়া নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি মাসে দেশের উত্তর, উত্তর-পশ্চিম, মধ্যাঞ্চল ও নদ–নদী অববাহিকায় শেষরাত থেকে সকাল পর্যন্ত মাঝারি থেকে ঘন কুয়াশা পড়তে পারে। অন্যত্র হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা দেখা দিতে পারে।
আবহাওয়া অফিস আরও জানায়, ঘন কুয়াশার কারণে দিন ও রাতের তাপমাত্রার পার্থক্য কমে আসতে পারে, ফলে শীতের অনুভূতি তুলনামূলকভাবে বেশি হতে পারে।



