জুলাই সনদ ও জাতীয় সংসদ নির্বাচন ঘিরে গণভোটের পক্ষে–বিপক্ষে সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন এক আলোচনার জন্ম দিয়েছে। ফেসবুকজুড়ে এখন চলছে ‘হ্যাঁ’ ও ‘না’ লেখা সংক্ষিপ্ত পোস্টের বন্যা।
সম্প্রতি বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামী জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু ও গ্রহণযোগ্য করতে নির্বাচন কমিশনের কাছে ১৮ দফা সুপারিশ জমা দেয়। এর মধ্যে আগামী নভেম্বরের আগে গণভোট আয়োজনের প্রস্তাবও রয়েছে।
তবে এই প্রস্তাবের বিরোধিতা করছে বিএনপি ও তাদের অঙ্গসংগঠনগুলো। তারা গণভোটের বিপক্ষে অবস্থান জানিয়ে ফেসবুকে ‘না’ লিখে পোস্ট দিচ্ছেন। অন্যদিকে জুলাই গণঅভ্যুত্থনের প্ল্যাটফর্ম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ‘হ্যাঁ’ পোস্টের মাধ্যমে গণভোটের পক্ষে অবস্থান নিয়েছে।
বুধবার রাতে ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির নিজেদের ফেসবুক পেজে শুধু একটি শব্দ—‘না’—লিখে পোস্ট দেন। অনুরূপ পোস্ট দিয়েছেন ডাকসু নির্বাচনে ছাত্রদলের প্যানেল থেকে ভিপি প্রার্থী মো. আবিদুল ইসলাম খান এবং এজিএস প্রার্থী তানভীর আল হাদী মায়েদ।
এরপর ছাত্রদলের ভেরিফায়েড পেজে চারটি বিষয়ে ‘না’ জানিয়ে পোস্ট দেওয়া হয়—
- সংবিধান থেকে ‘সর্বশক্তিমান আল্লাহর ওপর পূর্ণ আস্থা ও বিশ্বাস’ বাদ দেওয়ার ষড়যন্ত্রে ‘না’;
- জুলাই সনদে স্বাক্ষরের পর তা পরিবর্তনের প্রচেষ্টায় ‘না’;
- জাতীয় নির্বাচনের আগে গণভোট আয়োজনের প্রস্তাবে ‘না’;
- এবং “শত শহীদের রক্তে কেনা জুলাই কারো বাপের নয়”—এই বার্তাসহ ‘না’।
এই পোস্টগুলো বিএনপির কেন্দ্রীয় ও স্থানীয় নেতারা নিজেদের ফেসবুক পেজে শেয়ার করছেন। তাদের মধ্যে রয়েছেন ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমিনুল হক ও ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী।
অন্যদিকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ভেরিফায়েড পেজে দেখা গেছে ‘হ্যাঁ’ লেখা পোস্ট। যদিও সেখানে বিষয়টি স্পষ্ট করা হয়নি। প্রবাসী লেখক ও চিকিৎসক পিনাকী ভট্টাচার্যও নিজের ফেসবুকে লিখেছেন, “জুলাই সনদকে হ্যাঁ বলুন।”
এদিকে জাতীয় সংসদ নির্বাচনের আগে বা নির্বাচনের দিন গণভোট আয়োজনের প্রস্তাব দিয়েছে জাতীয় ঐকমত্য কমিশন। তারা দ্রুত নির্বাচন কমিশনের সঙ্গে আলোচনা শুরুর আহ্বান জানিয়েছে।
গত মঙ্গলবার জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশমালা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের কাছে জমা দেয় কমিশন। কমিশনের সহসভাপতি ড. আলী রীয়াজ জানান, এসব সুপারিশ সব রাজনৈতিক দলকেও দেওয়া হবে। সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক নয়—এমন বিষয়গুলো সরকারি অধ্যাদেশের মাধ্যমে বাস্তবায়নের পরামর্শও দেওয়া হয়েছে।
তিনি আরও জানান, সংবিধানসংক্রান্ত ৪৮টি বিষয়ে জনগণের মতামত জানতে গণভোট আয়োজনের প্রস্তাব করা হয়েছে।



