আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) ঋণের ষষ্ঠ কিস্তি ছাড়ের আগে শর্ত পূরণের অগ্রগতি ও সার্বিক অর্থনৈতিক অবস্থা পর্যালোচনায় সংস্থাটির একটি প্রতিনিধি দল ঢাকায় এসেছে।
আইএমএফের গবেষণা বিভাগের ডেভেলপমেন্ট ম্যাক্রো ইকোনমিকসের প্রধান ক্রিস পাপাজর্জিওর নেতৃত্বে দলটি আজ বুধবার (২৯ অক্টোবর) থেকে সরকারের বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থার সঙ্গে বৈঠক শুরু করছে।
প্রথম দিনে অর্থ সচিবের সঙ্গে উদ্বোধনী সভায় মিশনের লক্ষ্য ও কর্মপরিকল্পনা তুলে ধরা হবে। এরপর তারা অর্থ বিভাগের সামষ্টিক অর্থনীতি ও বাজেট শাখা এবং বাংলাদেশ ব্যাংকের কয়েকটি শাখার সঙ্গে বৈঠক করবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সামষ্টিক অর্থনীতি শাখার সঙ্গে বৈঠকে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক সূচক, কাঠামোগত সংস্কার পরিকল্পনা এবং ডিসেম্বর পর্যন্ত আইএমএফকে দেওয়া প্রতিশ্রুতি বাস্তবায়নের অগ্রগতি নিয়ে আলোচনা হবে। অন্যদিকে বাজেট শাখার সঙ্গে বৈঠকে সার্বিক বাজেট বাস্তবায়ন, বকেয়া ভর্তুকির অবস্থা, ভর্তুকি হ্রাস ও রেমিট্যান্স প্রণোদনা কমানোর পরিকল্পনা বিষয়ে পর্যালোচনা করা হবে।
মিশনটি আগামী ১৩ নভেম্বর পর্যন্ত সরকারের বিভিন্ন দপ্তরের সঙ্গে বৈঠক করবে।
আইএমএফের সঙ্গে সই হওয়া ঋণচুক্তি অনুযায়ী, আগামী ডিসেম্বর মাসে পঞ্চম কিস্তি ছাড়ের কথা রয়েছে। এ কিস্তি ছাড়ের আগে বাংলাদেশ কীভাবে শর্তগুলো পূরণ করেছে— তা যাচাই করাই এই পর্যালোচক মিশনের মূল উদ্দেশ্য।
সূত্র জানায়, রাজস্ব আহরণ ছাড়া অন্যান্য বেশিরভাগ শর্ত ইতোমধ্যে পূরণ করেছে বাংলাদেশ। তবে সম্প্রতি ওয়াশিংটনে অনুষ্ঠিত আইএমএফ–বিশ্বব্যাংকের বার্ষিক সম্মেলনে আইএমএফ জানিয়েছে, ডিসেম্বরে কিস্তি ছাড় করা হবে না; আগামী জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন সরকারের সঙ্গে আলোচনা করে আগামী মার্চ–এপ্রিল মাসে অর্থ ছাড়ের সম্ভাবনা রয়েছে।
এই সিদ্ধান্তের প্রেক্ষিতে বাংলাদেশ প্রথমে রিভিউ মিশন না পাঠানোর প্রস্তাব দিলেও শেষ পর্যন্ত আইএমএফের অনুরোধে মিশনটি পাঠানোর বিষয়ে সম্মতি দেয় সরকার।



