ওয়ানডে সিরিজে দারুণ জয়ের পর এবার টি-টোয়েন্টি মিশনে নামছে বাংলাদেশ। তিন ম্যাচের সিরিজের প্রথমটি অনুষ্ঠিত হবে আজ (সোমবার) চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামে, সন্ধ্যা ৬টায়।
বাংলাদেশ-ওয়েস্ট ইন্ডিজ ওয়ানডে সিরিজের সব ম্যাচই হয়েছিল মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে। সেখানে স্পিন-সহায়ক উইকেট নিয়ে ছিল বেশ আলোচনা-সমালোচনা। তবে চট্টগ্রামের উইকেটের চরিত্র মিরপুরের থেকে একেবারেই আলাদা। এখানে ব্যাটারদের সহায়তা পাওয়া যায় বেশি, ফলে ১৭০ থেকে ২০০ রানের ইনিংস গড়ার সম্ভাবনাও প্রবল।
তবে রাতের শিশির স্পিনারদের জন্য চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে, কারণ তখন বল গ্রিপ করা কঠিন হয়ে পড়ে। তাই দুই দলই স্পোর্টিং উইকেট মাথায় রেখে সম্ভাব্য একাদশ সাজাবে। ধারণা করা হচ্ছে, বাংলাদেশ দুই পেসার ও তিন স্পিনার নিয়ে মাঠে নামতে পারে। এতে স্পিন বিভাগে থাকবেন শেখ মেহেদী, রিশাদ হোসেন ও নাসুম আহমেদ, আর পেস আক্রমণে দেখা যেতে পারে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানকে।
স্মরণযোগ্য, শেষবার ওয়েস্ট ইন্ডিজের মাটিতে ৩–০ ব্যবধানে সিরিজ জিতেছিল বাংলাদেশ। এছাড়া, সাম্প্রতিক সময়ে টাইগাররা টানা চারটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে। তবে এশিয়া কাপে পাকিস্তান ও ভারতের বিপক্ষে কাঙ্ক্ষিত সাফল্য আসেনি। অন্যদিকে, ক্যারিবীয়রা গত বছরের অক্টোবর থেকে টানা সাতটি টি-টোয়েন্টি সিরিজে পরাজিত হয়েছে; সর্বশেষ তারা হেরেছিল নেপালের বিপক্ষে।



