tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদসারাদেশবিএনপির সদস্য সংগ্রহে পাহাড়িদের উৎসাহ

বিএনপির সদস্য সংগ্রহে পাহাড়িদের উৎসাহ

বান্দরবানের রোয়াংছড়ি উপজেলায় বিএনপির সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে অংশ নিতে পাহাড়ি জনগোষ্ঠীর ব্যাপক সাড়া দেখা গেছে।

শুক্রবার সকালে উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন প্রধান অতিথি বিএনপির জাতীয় নির্বাহী কমিটির উপ-জাতীয় বিষয়ক সম্পাদক মাম্যাচিং।

জেলা বিএনপির সদস্য সচিব ও সাবেক পৌর মেয়র মো. জাবেদ রেজার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক লুসাই মং, জসিম উদ্দিন তুষার, আবিদুর রহমান, রিটল বিশ্বাস, জেলা বিএনপির সদস্য চনুমং, সেলিম রেজা, মাওসেতুং তঞ্চঙ্গ্যা, অ্যাডভোকেট আলমগীর চৌধুরী ও অ্যাডভোকেট উম্যাসিংসহ অন্যান্য নেতৃবৃন্দ।

জাবেদ রেজা বলেন, বিএনপি কখনো পাহাড়ি-বাঙালি বিভেদে বিশ্বাস করে না। গণতন্ত্রের আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান সবসময় দেশের সব জনগোষ্ঠীর ঐতিহ্য ও সংস্কৃতিকে সম্মান করে থাকেন। পার্বত্য চট্টগ্রাম বাংলাদেশের গর্ব, তাই পাহাড়ি জনগণকে সাথে নিয়ে বিএনপি ভবিষ্যতের রাষ্ট্রগঠন প্রক্রিয়া আরও শক্তিশালী করতে চায়।

তিনি আরও বলেন, “পাহাড়ের মানুষ বিএনপিকে ভালোবাসে—আজকের সদস্য সংগ্রহ ও নবায়ন কর্মসূচিতে পাহাড়ি জনগোষ্ঠীর বিপুল উপস্থিতিই তার প্রমাণ। জনগণের অধিকার আদায়ের জন্য প্রণীত বিএনপির ৩১ দফা বাস্তবায়নে পাহাড়ের মানুষের অংশগ্রহণ গুরুত্বপূর্ণ। এজন্য প্রত্যন্ত অঞ্চল পর্যন্ত এ সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনা করা হচ্ছে।”

প্রধান অতিথি মাম্যাচিং বলেন, বিএনপি বিভেদ নয়, গণতন্ত্র ও ঐক্যে বিশ্বাসী। পাহাড় ও সমতলের মানুষকে সঙ্গে নিয়ে দলটি দেশের অগ্রগতি ও শান্তির জন্য কাজ করতে চায়। তিনি অভিযোগ করে বলেন, “কিছু ষড়যন্ত্রকারী বিএনপির বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সুবিধা নিতে চায়। এদের বিরুদ্ধে সবাইকে সতর্ক থাকতে হবে।”