রাজধানীর খিলগাঁও রেললাইন এলাকার পাশে এক অজ্ঞাতপরিচয় (বয়স আনুমানিক ৬০ বছর) ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ অক্টোবর) সকাল সাড়ে ১০টার দিকে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
শাহজাহানপুর থানার উপপরিদর্শক (এসআই) মো. আফজাল হোসেন জানান, সকালে খবর পেয়ে বিসমিল্লাহ হোটেলের সামনে রাস্তার ওপর পড়ে থাকা অবস্থায় ওই ব্যক্তিকে দেখতে পান। পরে তাকে উদ্ধার করে ঢামেক হাসপাতালে নেওয়া হলে মৃত্যু নিশ্চিত করেন চিকিৎসকরা।
এসআই আফজাল আরও জানান, স্থানীয়দের ভাষ্যমতে, নিহত ব্যক্তি ভবঘুরে প্রকৃতির ছিলেন এবং ওই এলাকাতেই অবস্থান করতেন। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, অসুস্থতাজনিত কারণেই তার মৃত্যু হয়েছে। তবে ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।
এছাড়া, মরদেহের পরিচয় শনাক্তে সিআইডির ক্রাইমসিন ইউনিটকে ঘটনাস্থলে ডাকা হয়েছে এবং প্রযুক্তির সহায়তায় তার পরিচয় শনাক্তের চেষ্টা চলছে।



