tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকসরকারি টাকায় ব্যক্তিগত বিমান কিনে সমালোচনার মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি টাকায় ব্যক্তিগত বিমান কিনে সমালোচনার মুখে মার্কিন স্বরাষ্ট্রমন্ত্রী

সরকারি অর্থে ব্যক্তিগত ব্যবহারের জন্য বিলাসবহুল জেট বিমান কেনায় সমালোচনার মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টি নোয়েম। ডেমোক্রেটিক পার্টির আইনপ্রণেতারা তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনেছেন, এবং বিষয়টি নিয়ে ইতোমধ্যেই তদন্ত শুরু হয়েছে।

নিউইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে বলা হয়, সম্প্রতি নিজের ও মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তাদের ব্যবহারের জন্য দুইটি গালফস্ট্রিম G700 মডেলের বিলাসবহুল জেট কেনার অনুমোদন দেন নোয়েম। বিমান দুটির মূল্য ১৭২ মিলিয়ন ডলার, যা সম্পূর্ণভাবে সরকারি তহবিল থেকে পরিশোধ করা হয়েছে।

সংবাদ প্রকাশের পরপরই বিষয়টি কংগ্রেসে আলোচনার জন্ম দেয়। সিনেটের সংখ্যালঘুবিষয়ক কমিটির প্রধান চাক শুমার এক ভিডিওবার্তায় ঘটনাটিকে “সরকারি অর্থের অপব্যবহার” বলে আখ্যা দেন এবং পূর্ণাঙ্গ তদন্ত দাবি করেন। তিনি বলেন, “আমরা জানতে চাই—কোন যুক্তিতে জনগণের করের টাকায় এই বিলাসবহুল বিমান কেনা হলো।”

এর আগে, সিনেট অধিবেশনে তিনি ট্রাম্প প্রশাসনের কর্মকর্তাদের কাছে এ ক্রয়ের ব্যাখ্যা চান। জবাবে বলা হয়, নিরাপত্তার স্বার্থেই বিমান দুটি কেনা হয়েছে। তবে শুমার এই যুক্তি প্রত্যাখ্যান করেন।

তিনি আরও বলেন, “যখন সাধারণ মানুষ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম সামাল দিতে হিমশিম খাচ্ছে, তখন করদাতাদের অর্থে জেট কেনাকে দায়িত্বজ্ঞানহীনতা ছাড়া আর কিছু বলা যায় না।”

এদিকে, কংগ্রেসের হাউস অব রিপ্রেজেন্টেটিভসের অ্যাপ্রোপ্রিয়েশন কমিটি ও স্বরাষ্ট্র সংক্রান্ত উপকমিটি বিষয়টি নিয়ে ইতোমধ্যে সক্রিয় হয়েছে। বিমান ক্রয় সংক্রান্ত বিস্তারিত তথ্য জানতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠিও পাঠানো হয়েছে।

সূত্র: আনাদোলু এজেন্সি