কিশোরগঞ্জসহ দেশের আটটি জেলার হাওর অঞ্চলে বাস্তবায়নের জন্য প্রস্তাবিত একটি উন্নয়ন প্রকল্প স্থগিত করেছে সরকার। ‘জলবায়ু সহনশীল জীবনমান উন্নয়ন’ শীর্ষক এ প্রকল্পটি স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের পক্ষ থেকে একনেকে (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) উপস্থাপন করা হয়েছিল।
মঙ্গলবার (২১ অক্টোবর) অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পটি অনুমোদনের জন্য উপস্থাপন করা হলে বন ও পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান প্রকল্পটির পরিবেশগত প্রভাব নিয়ে উদ্বেগ প্রকাশ করেন। তিনি বলেন, হাওরের মতো সংবেদনশীল পরিবেশে অবকাঠামো নির্মাণ করলে প্রকৃতির ক্ষতি হতে পারে।
এই আপত্তির পরিপ্রেক্ষিতে একনেক প্রকল্পটি অনুমোদন না দিয়ে সাময়িকভাবে স্থগিত রাখার সিদ্ধান্ত নেয়। সভায় প্রকল্পটির অবকাঠামোগত অংশ বাতিল করে সংশোধিত ডিপিপি (উন্নয়ন প্রকল্প প্রস্তাবনা) প্রস্তুতের নির্দেশ দেওয়া হয়েছে।
প্রকল্পটির মোট প্রস্তাবিত ব্যয় ছিল ১,২৬৮ কোটি ৮০ লাখ টাকা। এর মধ্যে সরকারি তহবিল থেকে ৩০৫ কোটি টাকা, আন্তর্জাতিক সংস্থা ইফাদের ঋণ হিসেবে ৮৫১ কোটি টাকা এবং ডানিডা থেকে অনুদান হিসেবে ১০৯ কোটি ৮০ লাখ টাকা নির্ধারিত ছিল।



