চিত্রনায়ক সালমান শাহর মৃত্যুর ২৯ বছর পর অবশেষে আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে। এ মামলায় তার সাবেক স্ত্রী সামিরা হকসহ মোট ১১ জনকে আসামি করা হয়েছে।
সোমবার (২১ অক্টোবর) মধ্যরাতে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করেন সালমান শাহর মামা আলমগীর কুমকুম।
জানা গেছে, আদালত থেকে সালমান শাহর মৃত্যু নিয়ে পুনঃতদন্তের নির্দেশ আসার পর ২৪ ঘণ্টার মধ্যেই মামলাটি দায়ের করা হয়। মামলার এজাহারে প্রধান আসামি করা হয়েছে সামিরা হককে। এছাড়া অভিযুক্তদের মধ্যে রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই, লতিফা হক লুসি, চলচ্চিত্রের খলনায়ক ডনসহ আরও কয়েকজন। মামলায় ১১ জনের নাম উল্লেখ থাকলেও কয়েকজন অজ্ঞাতনামা ব্যক্তিকেও আসামি করা হয়েছে।
এ প্রসঙ্গে আলমগীর কুমকুম বলেন, “সালমান শাহর বাবা একজন ম্যাজিস্ট্রেট ছিলেন। তিনি বহু চেষ্টা করেছিলেন অপমৃত্যুর ঘটনাকে হত্যা মামলায় রূপান্তর করতে। সেই চেষ্টার মধ্যেই তিনি পৃথিবী ছেড়ে চলে গেছেন। এখন, এত বছর পর মামলা দায়ের হলো। ইনশাআল্লাহ, সত্য প্রকাশ পাবে—এটা আত্মহত্যা নয়, হত্যাকাণ্ড। দেশবাসী একদিন সেটাই দেখতে পাবেন।”



