হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে লাগা আগুন অনেকটাই নিয়ন্ত্রণে এসেছে বলে জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
শনিবার (১৮ অক্টোবর) বিকেল ৫টায় পাঠানো এক বিজ্ঞপ্তিতে বেবিচকের সহকারী পরিচালক (জনসংযোগ) মুহাম্মাদ কাউছার মাহমুদ এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, “সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে। পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে এবং বিস্তারিত পরে জানানো হবে।”
তবে বিজ্ঞপ্তি পাঠানোর সময় কার্গো ভিলেজের উত্তর পাশে দ্বিতীয় তলায় এখনও আগুন জ্বলছিল। ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের অন্তত ছয়টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করছিল।
উল্লেখ্য, আগুনের সূত্রপাত আজ শনিবার দুপুর ২টা ৩৪ মিনিটের দিকে। প্রাথমিকভাবে বাংলাদেশ সিভিল এভিয়েশন, ফায়ার সার্ভিস এবং বিমানবাহিনীর দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরবর্তীতে আরও ইউনিট ঘটনাস্থলে যোগ দেয়।



