যিনি নিজেই যুদ্ধ উসকে দেন, তিনি কখনোই শান্তির মানুষ হতে পারেন না — এমন মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যপ্রাচ্য নীতি নিয়ে সোমবার (১৩ অক্টোবর) এক্স-এ দেওয়া এক পোস্টে তিনি এ কথা বলেন।
আরাঘচি বলেন, “যে ব্যক্তি যুদ্ধাপরাধীদের সঙ্গে একত্রিত হন এবং যুদ্ধের উসকানি দেন, তিনি কখনোই শান্তির প্রতীক হতে পারেন না।”
ট্রাম্প সম্প্রতি দাবি করেছেন যে, ইরান মাত্র কয়েক সপ্তাহ দূরে ছিল পারমাণবিক অস্ত্র তৈরি থেকে। এই দাবিকে “সম্পূর্ণ মিথ্যা” আখ্যা দিয়ে আরাঘচি বলেন, “ট্রাম্প প্রশাসন ইসরায়েলপন্থী স্বার্থগোষ্ঠীর বিভ্রান্তিকর ও ভুয়া গোয়েন্দা তথ্যের শিকার হয়েছে। এমনকি যুক্তরাষ্ট্রের নিজের গোয়েন্দা সংস্থাগুলোও এমন কোনো প্রমাণ দেয়নি যে ইরান অস্ত্র তৈরির পথে ছিল।”
তিনি আরও বলেন, “ট্রাম্প ক্ষমতায় এসেছিলেন এই প্রতিশ্রুতি দিয়ে যে তিনি যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের প্রতারণামূলক রাজনীতি এবং চিরস্থায়ী যুদ্ধের পথ থেকে ফিরিয়ে আনবেন। অথচ এখন তিনিই যুদ্ধের আগুনে ঘি ঢালছেন।”
ইসরায়েল প্রসঙ্গে আরাঘচি বলেন, “মধ্যপ্রাচ্যে প্রকৃত দাদাগিরি চালাচ্ছে সেই পরজীবী শক্তি, যে বহু বছর ধরে যুক্তরাষ্ট্রকে শোষণ করে আসছে।”



