জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠান ঘিরে চলছে প্রস্তুতি: জাতীয় ঐকমত্য নিশ্চিত করতে আগামী জুলাই জাতীয় সনদ ২০২৫ স্বাক্ষর অনুষ্ঠানের প্রেক্ষাপটে আজ বুধবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে জাতীয় ঐকমত্য কমিশনের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানের সার্বিক প্রস্তুতি ও প্রাসঙ্গিক বিষয়গুলো নিয়ে আজ সন্ধ্যায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আরেকটি বৈঠকে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এ বৈঠকটিও জাতীয় ঐকমত্য কমিশনের আওতায় অনুষ্ঠিত হবে।
আজকের বৈঠকে ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন সহ-সভাপতি প্রফেসর আলী রীয়াজ, সদস্য বিচারপতি মো. এমদাদুল হক, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান, ড. বদিউল আলম মজুমদার ও ড. মো. আইয়ুব মিয়া। এছাড়া প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দারও বৈঠকে অংশ নেন।
বৈঠকে আরও উপস্থিত ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান এবং প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া।
উল্লেখ্য, আগামী ১৭ অক্টোবর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জুলাই জাতীয় সনদ ২০২৫ এর আনুষ্ঠানিক স্বাক্ষর অনুষ্ঠিত হবে।



