হজ নিবন্ধনের সময়সীমা বাড়ানো হবে কি না, সেই সিদ্ধান্ত আজ (মঙ্গলবার) জানা যাবে। ধর্মবিষয়ক উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন জানিয়েছেন, সৌদি সরকারের সঙ্গে বৈঠকের পর এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত জানানো হবে।
গতকাল সোমবার (১৩ অক্টোবর) সচিবালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এ তথ্য জানান উপদেষ্টা।
সৌদি আরব ঘোষিত হজ রোডম্যাপ অনুযায়ী, হজযাত্রী নিবন্ধনের সময়সীমা ১২ অক্টোবর রাত ১২টায় শেষ হয়েছে। চাঁদ দেখা সাপেক্ষে আগামী বছর ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। চলতি বছরে বাংলাদেশের জন্য নির্ধারিত হজ কোটা ১,২৭,১৯৮ জন।
নিবন্ধনের সময়সীমা বাড়তে পারে কি না—এ প্রশ্নে উপদেষ্টা বলেন, “১২ অক্টোবর রাত ১২টা পর্যন্ত ৫৯ হাজার ৮৫৯ জন হজযাত্রী নিবন্ধিত হয়েছেন। মঙ্গলবার সৌদি সরকারের সঙ্গে আমাদের বৈঠক রয়েছে। তারা জানতে চাইতে পারেন কতজন নিবন্ধিত হয়েছেন, কতজনের ভাউচার সম্পন্ন হয়েছে। এসব তথ্যের ভিত্তিতে আমরা আশা করছি, সময়সীমা কিছুটা বাড়তে পারে।”



