বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী বলেছেন, আসন্ন ১৫ অক্টোবর স্বাক্ষরিত হতে যাওয়া ‘জুলাই সনদ’কে বিএনপি ইতিবাচকভাবে দেখছে। তিনি আশা প্রকাশ করেন, রাজনৈতিক দলগুলোর আলোচনার মাধ্যমেই নির্ধারিত সময়ের আগেই এ বিষয়ে সমঝোতায় পৌঁছানো সম্ভব হবে।
শুক্রবার (১০ অক্টোবর) সকালে রাজধানীর চন্দ্রিমা উদ্যানে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মাজারে এগ্রিকালচারিস্ট অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এ্যাব) নবগঠিত কমিটির পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন ও ফাতেহা পাঠ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
রিজভী বলেন, “গণতন্ত্রে বিশ্বাস থাকলে আলোচনার মাধ্যমেই যৌক্তিক সমাধানে পৌঁছানো সম্ভব। আমরা আশাবাদী, জুলাই সনদ ঘিরে ইতিবাচক রাজনৈতিক সমঝোতা হবে।”
এ সময় তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সাম্প্রতিক আন্তর্জাতিক গণমাধ্যমে দেওয়া বক্তব্য প্রসঙ্গে বলেন, “দীর্ঘ ১৭ বছর পর আন্তর্জাতিক অঙ্গনে কথা বলেছেন তারেক রহমান। সেখানে কোনো দলীয় পক্ষপাত বা প্রতিপক্ষকে নিঃশেষ করার মনোভাব ছিল না— বরং তিনি ঐক্যের আহ্বান জানিয়েছেন। অপরাধীদের বিচারের প্রসঙ্গও তিনি তুলেছেন, তবে সেটি আইনসঙ্গত পথে।”
রিজভীর দাবি, তারেক রহমানের বক্তব্যে জাতীয় ঐক্যের বার্তা ছিল স্পষ্ট, যা সিভিল সোসাইটি, পেশাজীবী সমাজ ও সাধারণ মানুষের মধ্যে ইতিবাচকভাবে গ্রহণযোগ্যতা পেয়েছে।
কৃষি খাত প্রসঙ্গে রিজভী বলেন, “তারেক রহমান ঘোষিত ৩১ দফার মধ্যে কৃষি খাতে বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। আজ দেশের কৃষকরা উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য পাচ্ছেন না— এ নিয়ে এ্যাবকে কার্যকর ভূমিকা রাখতে হবে।”
তিনি জানান, কৃষকদের স্বার্থ রক্ষায় একটি কার্যকর নীতিমালা প্রণয়নের কাজ শুরু করবে এ্যাব। এই উদ্যোগ দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দিকনির্দেশনারই ফসল বলেও মন্তব্য করেন তিনি।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নবগঠিত এ্যাবের আহ্বায়ক কৃষিবিদ কামরুজ্জামান ও সদস্য সচিব কৃষিবিদ শাহাদাৎ হোসেন বিপ্লব।



