স্পেনের রাজধানী মাদ্রিদে সংস্কারাধীন একটি ভবন ধসে চারজন নিহত এবং তিনজন গুরুতর আহত হয়েছেন। মঙ্গলবার (৭ অক্টোবর) স্থানীয় সময় দুপুরে শহরের কেন্দ্রস্থল অপেরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটে।
স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ভবনটির ছয়তলা থেকে প্রায় আট টন ওজনের কংক্রিটের একটি স্ল্যাব নিচে পড়ে গেলে এই হতাহতের ঘটনা ঘটে। দমকল কর্মীরা ধ্বংসস্তূপের নিচ থেকে চারজনের মরদেহ উদ্ধার করেন।
নিহতদের মধ্যে ইকুয়েডর, মালি ও গিনি-কনাক্রি থেকে আসা তিনজন নির্মাণশ্রমিক এবং একজন ৩০ বছর বয়সী স্থপতি রয়েছেন। তাঁরা সবাই ‘আনকা’ (ANKA) নামের একটি নির্মাণ প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন।
মাদ্রিদের ভবন সংক্রান্ত রেকর্ড অনুযায়ী, ভবনটি ১৯৬৫ সালে নির্মিত হয় এবং বর্তমানে সেটিকে একটি আবাসিক হোটেলে রূপান্তরের কাজ চলছিল। ছাদ, দেয়াল, পাইপলাইন এবং নিষ্কাশন ব্যবস্থার বেহাল অবস্থার কারণে ২০১২ ও ২০২২ সালে ভবনটিকে প্রযুক্তিগত দিক থেকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছিল।
মাদ্রিদের মেয়র হোসে লুইস মার্টিনেজ-আলমেইদা জানান, ভবনের সংস্কারকাজের জন্য প্রয়োজনীয় সব ধরনের অনুমোদন ও নথিপত্র যথাযথভাবে সংগ্রহ করা হয়েছিল। ইতোমধ্যে পৌর পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।



