tanaka

জলবায়ু অর্থায়নের প্রতিশ্রুতি পূরণে উন্নত দেশগুলোকে আহ্বান পররাষ্ট্র প্রতিমন্ত্রীর

জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবিলায় উন্নত দেশগুলোকে অর্থায়নের প্রতিশ্রুতি পূরণ, ক্ষতিগ্রস্ত দেশগুলোর জন্য তহবিল পাওয়ার প্রক্রিয়া সহজ করা এবং প্রযুক্তি হস্তান্তরে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন...
প্রচ্ছদআন্তর্জাতিকটিটিপির সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ১১ সেনা নিহত

টিটিপির সঙ্গে সংঘর্ষে পাকিস্তানের ১১ সেনা নিহত

পাকিস্তানের নিষিদ্ধ জঙ্গি সংগঠন তেহরিক-ই-তালেবান পাকিস্তান (টিটিপি)-এর সঙ্গে সংঘর্ষে দেশটির সেনাবাহিনীর ১১ সদস্য নিহত হয়েছেন। পাল্টা অভিযানে নিহত হয়েছে টিটিপির ১৯ জঙ্গিও।

ঘটনাটি ঘটেছে বুধবার (৮ অক্টোবর) ভোরে, আফগানিস্তান সীমান্তঘেঁষা খাইবার পাখতুনখোয়া প্রদেশের ওরাকজাই জেলায়। পাকিস্তান সেনাবাহিনীর জনসংযোগ দপ্তরের (আইএসপিআর) এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়েছে।

সেনাবাহিনীর দাবি, একটি গোয়েন্দা অভিযানের সময় টিটিপি সদস্যরা প্রথমে সড়কের পাশে বোমা পুঁতে হামলা চালায়, এরপর স্বয়ংক্রিয় অস্ত্র নিয়ে আক্রমণ করে। এতে লেফটেন্যান্ট কর্নেল জুনাইদ আরিফ (৩৯), মেজর তায়েব রাহাত (৩৩) সহ আরও ৯ সেনা সদস্য নিহত হন।

নিহত অন্যান্য সেনারা হলেন— নায়েব সুবেদার আজম গুল (৩৮), নায়েক আদিল হুসাইন (৩৫), নায়েক গুল আমির (৩৪), ল্যান্স নায়েক শের খান (৩১), তালিশ ফারাজ (৩২), ইরশাদ হুসাইন (৩২), এবং সিপাহী তুফায়েল খান (২৮), আকিব আলী (২৩), মোহাম্মদ জাহিদ (২৪)।

ঘটনার পর ওই এলাকায় টিটিপির অবশিষ্ট জঙ্গিদের ধরতে অভিযান শুরু করেছে সেনাবাহিনী।

পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ সেনাদের এই আত্মত্যাগকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করেছেন এবং তাদের বীরত্বের প্রশংসা করেছেন।

সম্প্রতি টিটিপি পাকিস্তানে হামলার মাত্রা বাড়িয়েছে। ইসলামাবাদ অভিযোগ করেছে, টিটিপি আফগানিস্তানে আশ্রয় ও প্রশিক্ষণ নিয়ে পাকিস্তানে হামলা চালায় এবং এতে ভারতের সহায়তা রয়েছে। তবে এসব অভিযোগ প্রত্যাখ্যান করেছে কাবুল ও নয়াদিল্লি।