ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক ফোনালাপে ব্রাজিলের পণ্যের ওপর আরোপিত শুল্ক ও নিষেধাজ্ঞা প্রত্যাহারের আহ্বান জানিয়েছেন।
সোমবার (৭ অক্টোবর) অনুষ্ঠিত এ ফোনালাপের সময় দুই নেতার মধ্যে প্রায় ৩০ মিনিট আলোচনা হয়। ব্রাজিল প্রেসিডেন্টের কার্যালয় জানায়, সৌহার্দ্যপূর্ণ পরিবেশে অনুষ্ঠিত এই কথোপকথনে লুলা ট্রাম্পকে আগামী মাসে মালয়েশিয়ায় অনুষ্ঠেয় আসিয়ান সম্মেলনে সরাসরি সাক্ষাতের প্রস্তাব দেন।
অন্যদিকে, ট্রাম্প তার সামাজিক যোগাযোগমাধ্যম ‘ট্রুথ সোশ্যালে’ পোস্ট করে জানান, “খুব ভালো ফোনালাপ হয়েছে। আমরা শিগগিরই আবার কথা বলব এবং দুই দেশেই সাক্ষাতের সুযোগ হবে।”
সম্প্রতি ট্রাম্প, তার মিত্র সাবেক প্রেসিডেন্ট বোলসোনারোর বিচার নিয়ে অসন্তোষ প্রকাশ করে ব্রাজিলের প্রধান রপ্তানি পণ্য—গরুর মাংস, কফি ও চিনির ওপর ৫০ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপ করেন। পাশাপাশি কয়েকজন উচ্চপদস্থ কর্মকর্তা ও এক সুপ্রিম কোর্ট বিচারপতির ওপরও নিষেধাজ্ঞা জারি করেন। ফলে দুই দেশের সম্পর্কে টানাপোড়েন সৃষ্টি হয়।
ব্রাজিলের ভাইস প্রেসিডেন্ট জেরালদো আল্কমিন এ ফোনালাপকে “প্রত্যাশার চেয়েও ভালো” উল্লেখ করে জানান, উভয় নেতা পরস্পরের ব্যক্তিগত ফোন নম্বরও বিনিময় করেছেন।
গত মাসে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনে লুলা ও ট্রাম্পের মধ্যে এক সংক্ষিপ্ত, কিন্তু তাৎপর্যপূর্ণ সাক্ষাৎ হয়। যদিও সেখানে লুলা ব্রাজিলের বিচার ব্যবস্থার ওপর ট্রাম্পের সমালোচনার নিন্দা জানান এবং ট্রাম্প ব্রাজিলকে “বিচারিক দুর্নীতিতে জর্জরিত” বলে অভিযুক্ত করেন, পরে তিনি লুলাকে “খুবই ভদ্র” মানুষ হিসেবে অভিহিত করেন।
বাণিজ্য, জলবায়ু ও বহুপাক্ষিক সহযোগিতা ইস্যুতে দুই নেতার দৃষ্টিভঙ্গি ভিন্ন হলেও লুলা মালয়েশিয়ার সম্মেলনে সাক্ষাতের পাশাপাশি নভেম্বরে ব্রাজিলের বেলেম শহরে অনুষ্ঠেয় ‘কপ-৩০’ জলবায়ু সম্মেলনে ট্রাম্পকে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছেন।
লুলা বারবার জানিয়েছেন, ব্রাজিল যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক আলোচনায় প্রস্তুত, কিন্তু “ওয়াশিংটনে কথা বলার মতো কাউকে খুঁজে পাওয়া যাচ্ছে না”—এ নিয়ে তিনি আক্ষেপ করেন।
ব্রাজিল সরকারের এক সূত্র জানিয়েছে, এই কূটনৈতিক যোগাযোগে বেসরকারি খাত, বিশেষ করে যুক্তরাষ্ট্রে ব্রাজিলিয়ান উদ্যোক্তাদের একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ইউরোপীয় এক কূটনীতিকের মতে, ব্রাজিলের বিমান নির্মাতা প্রতিষ্ঠান এমব্রায়েরও হোয়াইট হাউসের ওপর প্রভাব বিস্তারে সক্রিয় ভূমিকা নিয়েছে।
বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুসারে, সেপ্টেম্বরে যুক্তরাষ্ট্রে ব্রাজিলের রপ্তানি গত বছরের তুলনায় ২০.৩% কমে গেছে, যেখানে যুক্তরাষ্ট্র থেকে আমদানি বেড়েছে ১৪.৩%। তবে ব্রাজিল এখন চীন, ভারত, সিঙ্গাপুর, আর্জেন্টিনা, পেরু ও পানামার মতো দেশগুলোতে রপ্তানি বাড়িয়ে বাজার বৈচিত্র্য আনতে কাজ করছে। সামগ্রিকভাবে সেপ্টেম্বরে ব্রাজিলের রপ্তানি বেড়েছে ৭.২%।



