চার ঘণ্টা বন্ধ থাকার পর সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ পুনরায় স্বাভাবিক হয়েছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল ৯টা ৪০ মিনিটে সিলেট রেলস্টেশনে আটকে থাকা কালনী এক্সপ্রেস ঢাকার উদ্দেশে যাত্রা করে।
তবে, ফেঞ্চুগঞ্জ উপজেলার মাইজগাঁও স্টেশনে আটকে থাকা উপবন এক্সপ্রেস এখনও সিলেট পৌঁছায়নি। সিলেট রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল কুদ্দুস বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শী ও রেলওয়ে সংশ্লিষ্টদের বরাতে জানা গেছে, সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হলেও, বাকি বগিগুলো সরিয়ে নেওয়া হয়েছে। এর ফলে সিলেট স্টেশনে আটকে পড়া কালনী এক্সপ্রেস রওনা দিতে সক্ষম হয়। দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত বগিগুলো উদ্ধারে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্টেশন থেকে একটি উদ্ধারকারী ট্রেন সিলেটের উদ্দেশে রওনা হয়েছে। সেটি পৌঁছালে উদ্ধার কার্যক্রম শুরু হবে।
এদিকে, লাইনচ্যুত উদয়ন এক্সপ্রেস ট্রেনের ঘটনায় ট্রেনচালকসহ কয়েকজন আহত হয়েছেন। আহতদের মধ্যে দু’জনকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। আহতরা হলেন—রাঙামাটির আমতলীপাড়ার জুনাইদ (২০) এবং নোয়াখালীর চাউবানো গ্রামের মোহাম্মদ ফাহাদ (৩২)।
সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ দেবাশিষ জানিয়েছেন, আহতদের অবস্থা আশঙ্কামুক্ত। ট্রেন থেকে লাফ দেওয়ার সময় তারা আঘাত পান।
রেলওয়ে থানার ওসি আব্দুল কুদ্দুস বলেন, “উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত হওয়ার চার ঘণ্টা পর সিলেট থেকে কালনী এক্সপ্রেস যাত্রা শুরু করেছে। তবে মাইজগাঁওয়ে আটকে থাকা উপবন এক্সপ্রেস সিলেটে পৌঁছাতে আরও কিছুটা সময় লাগবে।”



