tanaka
প্রচ্ছদসারাদেশনারায়ণগঞ্জে গভীর রাতে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ অর্ধশত শিক্ষার্থী

নারায়ণগঞ্জে গভীর রাতে মাদরাসায় আগুন, ধোঁয়ায় অসুস্থ অর্ধশত শিক্ষার্থী

নারায়ণগঞ্জের ফতুল্লায় একটি মাদরাসার লাইব্রেরিতে অগ্নিকাণ্ডের ঘটনায় ধোঁয়ায় অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৮ শিক্ষার্থী। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের নিবিড় পরিচর্যাকেন্দ্রে (আইসিইউ) রাখা হয়েছে। এ ছাড়া একজনকে ভেন্টিলেটর সাপোর্টে রাখা হয়েছে।

সোমবার (৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৫৫ মিনিটে ফতুল্লার সাইনবোর্ড এলাকার শান্তিধারায় জামিয়া আশরাফিয়া মাদরাসার দ্বিতীয় তলায় অবস্থিত লাইব্রেরিতে আগুন লাগে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। পরে রাত ৩টা ৪৩ মিনিটে আগুন সম্পূর্ণ নির্বাপণ করা হয়।

জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক (আরএস) ডা. সুলতান মাহমুদ শিকদার জানান, অগ্নিকাণ্ডের ঘটনায় এখন পর্যন্ত ৪৮ শিক্ষার্থীকে ইনস্টিটিউটের জরুরি বিভাগে আনা হয়েছে। তাঁদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় আইসিইউতে রাখা হয়েছে। একজনকে ভেন্টিলেটর সাপোর্ট দেওয়া হচ্ছে। আহতদের প্রয়োজনীয় চিকিৎসা চলছে। এ ঘটনায় আরও রোগী হাসপাতালে আসতে পারেন বলেও জানান তিনি।

প্রাথমিক তথ্য অনুযায়ী, রাতে মাদরাসার কিতাব বিভাগের শিক্ষার্থীরা ঘুমিয়ে ছিলেন। এ সময় দ্বিতীয় তলার লাইব্রেরিতে আগুনের সূত্রপাত হয়। পরে আগুনের ধোঁয়া ছড়িয়ে পড়লে ঘুমন্ত শিক্ষার্থীদের অনেকে শ্বাসকষ্ট ও ইনহেলেশন বার্নে আক্রান্ত হন।

পরে মাদরাসার শিক্ষক ও অন্যদের সহযোগিতায় অসুস্থ শিক্ষার্থীদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।