বলিউডের জনপ্রিয় সংগীতশিল্পী কুমার শানু তার সাবেক স্ত্রী রীতা ভট্টাচার্যের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেছেন। সম্প্রতি রীতা প্রকাশ্যে অভিযোগ করেন, তৃতীয় গর্ভাবস্থার সময় শানু ও তার পরিবার তাকে খাবার ও ওষুধ দেয়নি। এই অভিযোগকে কেন্দ্র করে ব্যাপক আলোচনা-সমালোচনার পর কুমার শানু তার আইনজীবী সানা রইস খানের মাধ্যমে রীতাকে আইনি নোটিশ পাঠিয়েছেন।
আইনজীবী সানা রইস খান এক বিবৃতিতে জানান, “কুমার শানু সংগীত জগতে চার দশকেরও বেশি সময় ধরে সক্রিয় রয়েছেন এবং তার বিশ্বজুড়ে অসংখ্য ভক্ত রয়েছেন। কিছু মিথ্যা অভিযোগ সাময়িকভাবে বিতর্ক সৃষ্টি করতে পারে, কিন্তু তা একজন শিল্পীর সারাজীবনের অর্জন ও সুনামকে কলঙ্কিত করতে পারবে না। শিল্পীর মর্যাদা, উত্তরাধিকার এবং পরিবারের সম্মান রক্ষায় আইনগত সর্বোচ্চ ব্যবস্থা নেওয়া হবে।”
অন্যদিকে, ফিল্ম উইন্ডোকে দেওয়া এক সাক্ষাৎকারে রীতা অভিযোগ করেন, “শানু সন্দেহপ্রবণ ছিলেন এবং আমাকে বাইরে বের হতে দিতেন না। তিনি হঠাৎ করে পালিয়ে গিয়েছেন এবং মাইক্রোওয়েভ ও ফ্যানসহ অন্যান্য জিনিসও নিয়ে গেছেন। এরপর দুধ ও ওষুধ সরবরাহ বন্ধ করে দিয়েছেন। ভাগ্যক্রমে দুধওয়ালা এবং ডাক্তার আসতেন, না হলে পরিস্থিতি আরও খারাপ হতো। আপনি কল্পনাও করতে পারবেন না, এই মানুষটি আমাকে এবং আমার তিন সন্তানের কতটা কষ্ট দিয়েছেন।”
কুমার শানুর আইনি টিম জানিয়েছে, রীতার এই অভিযোগগুলো ভিত্তিহীন ও মানহানিকর। তাই নোটিশের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে অভিযোগগুলোর জবাব দেয়া হয়েছে যাতে মিথ্যা প্রচার বন্ধ হয় এবং কুমার শানুর সুনাম অক্ষুণ্ন থাকে।



