গাজামুখী ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলার নৌযান আটকের ঘটনাকে ‘সমুদ্র দস্যুতা’ বলে অভিহিত করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগান। নিজের দলের একেপি (একে পার্টি) সভায় দেওয়া ভাষণে তিনি বলেন, আন্তর্জাতিক জলসীমায় এই হামলা প্রমাণ করে যে গাজার উপর গণহত্যার যন্ত্র ইসরাইল তার অপরাধ ঢাকতে উন্মত্ত হয়ে উঠেছে।
এরদোগান আরও উল্লেখ করেন, গণহত্যাকারী নেতানিয়াহুর সরকার শান্তির সামান্যতম সুযোগকেও সহ্য করতে পারে না।
তিনি বলেন, গ্লোবাল সুমুদ ফ্লোটিলা বিশ্ববাসীর সামনে আবারও গাজার নৃশংসতা ও ইসরাইলের হত্যাযজ্ঞের প্রকৃত চেহারা উন্মোচিত করেছে। আমরা আমাদের ফিলিস্তিনি ভাই-বোনদের একেবারেই পরিত্যাগ করব না এবং যুদ্ধবিরতি প্রতিষ্ঠা ও শান্তি পুনঃপ্রতিষ্ঠার জন্য সর্বশক্তি দিয়ে কাজ চালিয়ে যাব।
প্রসঙ্গত, গাজা উপত্যকার উদ্দেশ্যে যাত্রা করা ত্রাণবাহী গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরাইলি নৌবাহিনী হামলা চালিয়ে অন্তত ৩১৭ জন স্বেচ্ছাসেবীকে আটক করেছে। ইসরাইলের দাবি, গাজাগামী ৪৪টি জাহাজের মধ্যে এক ছাড়া সবগুলোকে তারা আটক করেছে।
আটক স্বেচ্ছাসেবীদের মধ্যে স্পেন, ইতালি, ব্রাজিল, তুরস্ক, গ্রিস, যুক্তরাষ্ট্র, জার্মানি, সুইডেন, যুক্তরাজ্য, ফ্রান্সসহ মোট ৩৭টি দেশের নাগরিক রয়েছেন।
সূত্র: আল-জাজিরা



