জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান বলেছেন, মিয়ানমারের রাখাইন রাজ্যের পরিস্থিতি তুলনামূলকভাবে স্বাভাবিক হচ্ছে। তাই এখনই সেখানে সত্যিকারের রাজনৈতিক পদক্ষেপ নেওয়ার সুযোগ এসেছে।
বৃহস্পতিবার নিউইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের অধিবেশনের ফাঁকে মার্কিন পররাষ্ট্র দপ্তর আয়োজিত ‘বিশ্ব শরণার্থী ও রাজনৈতিক আশ্রয় ব্যবস্থা : কী ভুল হয়েছে এবং কীভাবে তা শোধরানো যায়’ শীর্ষক আলোচনায় তিনি এ মন্তব্য করেন। আলোচনায় বাংলাদেশসহ আরও কয়েকটি দেশের প্রতিনিধি, আন্তর্জাতিক সংস্থা ও পরামর্শক গোষ্ঠীর প্রতিনিধিরা অংশ নেন।
শরণার্থীদের দীর্ঘমেয়াদি আশ্রয়ের প্রসঙ্গে খলিলুর রহমান বলেন, “৫০ বছর আগে ভয়াবহ গণহত্যার কারণে এক কোটির মতো বাংলাদেশি ভারতে আশ্রয় নিয়েছিল। কিন্তু যুদ্ধ শেষ হতেই তারা দেশে ফিরে এসেছিল। রোহিঙ্গাদের ক্ষেত্রেও আমরা চাই তারা নিজ দেশে ফিরে যাক।”
তিনি জানান, বর্তমানে রাখাইনের ৮৫-৯০ শতাংশ এলাকা আরাকান আর্মির নিয়ন্ত্রণে। তাদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রয়েছে বাংলাদেশের। সম্প্রতি আরাকান আর্মি অভ্যন্তরীণভাবে বাস্তুচ্যুত হয়ে থাকা রোহিঙ্গাদের নিজ গ্রামে ফিরিয়ে নিতে আলোচনা করেছে বলেও উল্লেখ করেন তিনি।
জাতীয় নিরাপত্তা উপদেষ্টা আরও বলেন, “আগামী কয়েক মাসের মধ্যে আমাদের রাজনৈতিকভাবে একত্র হতে হবে। এ সংকট সমাধানে বিনিয়োগ করতে হবে।” তিনি জানান, আগামী সপ্তাহে জাতিসংঘে রোহিঙ্গা নিয়ে একটি আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে, যেখানে অনেক দেশ অংশ নেবে।
খলিলুর রহমান জোর দিয়ে বলেন, “তিন-চার বছর পর আমরা শিবিরে থাকা রোহিঙ্গাদের জন্য আর অর্থ ব্যয় করতে চাই না। বরং এ অর্থ মিয়ানমারে ব্যবহার করতে চাই, যেখানে তারা নতুন জীবন শুরু করে নিজেদের ভবিষ্যৎ গড়ে তুলতে পারবে।”



