ইসরাইলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ অধিবেশনে যোগ দিতে নিউইয়র্ক যাওয়ার পথে ইউরোপের আকাশপথ এড়িয়ে গেছেন। বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) তার সরকারি বিমান উইংস অব জিয়ন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে একটি অস্বাভাবিক রুটে রওনা হয়।
ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী, বিমানটি সাধারণত ব্যবহৃত ফ্রান্সসহ মধ্য ইউরোপের আকাশসীমা এড়িয়ে ভূমধ্যসাগর, গ্রিস ও ইতালির সীমান্ত ধরে উড়ে জিব্রাল্টার প্রণালী হয়ে আটলান্টিকে প্রবেশ করে। এতে অতিরিক্ত প্রায় ৬০০ কিলোমিটার পথ পাড়ি দিতে হয়েছে।
বিশ্লেষকদের মতে, আন্তর্জাতিক অপরাধ আদালত (আইসিসি) গত বছর নেতানিয়াহু ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টের বিরুদ্ধে যে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিল, সেটি এড়াতেই তিনি বিকল্প রুট নেন। গাজায় যুদ্ধাপরাধ ও মানবতার বিরুদ্ধে অপরাধের অভিযোগ আনা হলেও ইসরাইল তা অস্বীকার করে আসছে। ইতোমধ্যেই আইসিসি সদস্য আয়ারল্যান্ড ও স্পেন ঘোষণা করেছে, নেতানিয়াহু তাদের ভূখণ্ডে প্রবেশ করলে তাকে গ্রেফতার করা হবে। তবে ফ্রান্স জানিয়েছে, তারা আটক করবে না। অন্যদিকে ইতালি প্রশ্ন তুলেছে—এ ধরনের পদক্ষেপ বাস্তবে আদৌ সম্ভব কি না।
ফরাসি কূটনৈতিক সূত্র বলছে, ইসরাইল ফ্রান্সের আকাশপথ ব্যবহারের অনুমতি চেয়েছিল এবং প্যারিস তা মঞ্জুরও করেছিল। কিন্তু শেষ পর্যন্ত নেতানিয়াহুর বিমান সেই রুট এড়িয়ে যায়। ফরাসি এক কর্মকর্তা মন্তব্য করেছেন, “তারা অন্য পথ বেছে নিয়েছেন, কিন্তু কেন তা আমরা জানি না।”
নেতানিয়াহু শুক্রবার জাতিসংঘ সাধারণ পরিষদে ভাষণ দেবেন। এরপর আগামী সপ্তাহে তার যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে বৈঠক হওয়ার কথা রয়েছে। সূত্র: এনডিটিভি



