tanaka
প্রচ্ছদজাতীয়এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত: এখন থেকে বিজোড় মাসে আবেদন

এমপিও আবেদন নিয়ে নতুন সিদ্ধান্ত: এখন থেকে বিজোড় মাসে আবেদন

বেসরকারি স্কুল ও কলেজের শিক্ষক-কর্মচারীদের এমপিওভুক্তির আবেদন এতদিন প্রতি জোড় মাসে করতে হতো। তবে এবার থেকে বিজোড় মাসেও আবেদন করার সুযোগ থাকছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) এ সিদ্ধান্ত নিয়েছে।

মাউশির একাধিক দায়িত্বশীল কর্মকর্তা জানান, গত ১১ সেপ্টেম্বর অনুষ্ঠিত এমপিও কমিটির সভায় এই সিদ্ধান্ত গৃহীত হয়। তারা আরও জানান, চলতি সেপ্টেম্বর মাসের ৩০ তারিখ পর্যন্ত এমপিও আবেদন করা যাবে, এবং আজ বৃহস্পতিবারই এ সংক্রান্ত নির্দেশনা জারি করা হবে।

এ বিষয়ে মাউশির এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বলেন,

“স্কুল-কলেজের শিক্ষক-কর্মচারীরা এখন থেকে বিজোড় মাসে এমপিওর আবেদন করতে পারবেন। এটি আবেদন প্রক্রিয়া সহজ ও নমনীয় করবে।”

এর আগে, নতুন যোগদানকৃত শিক্ষকদের এমপিওর জন্য প্রতি জোড় মাসের ১ থেকে ৬ তারিখের মধ্যে আবেদন করতে হতো। আবেদনটি প্রধান শিক্ষক জমা দেন, যা উপজেলা ও জেলা শিক্ষা অফিস হয়ে মাউশির আঞ্চলিক কার্যালয়ে পাঠানো হয়। এরপর আঞ্চলিক কার্যালয় আবেদনটি মাউশির ইএমআইএস সেলে প্রেরণ করে, যেখানে কমিটি সভার মাধ্যমে এমপিওভুক্তির চূড়ান্ত সিদ্ধান্ত হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী, এখন থেকে ওই একই প্রক্রিয়ায় বিজোড় মাসেও এমপিও আবেদন করা যাবে।