tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকমিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৭০ ছাড়াল, আহত শতাধিক

মিয়ানমারে জান্তার বিমান হামলায় নিহত ৭০ ছাড়াল, আহত শতাধিক

মিয়ানমারের সামরিক বাহিনীর পৃথক দুই দিনের বিমান হামলায় শিশুসহ ৭০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন। এসব হামলায় আরও ৭০ জনের বেশি আহত হয়েছেন। বিরোধী গোষ্ঠী, উদ্ধারকর্মী ও স্থানীয় সংবাদমাধ্যমের বরাতে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা এপি।

পূর্বাঞ্চলীয় শান রাজ্য, পশ্চিমাঞ্চলীয় রাখাইন রাজ্য এবং মধ্যাঞ্চলীয় ম্যাগওয়ে অঞ্চলে এসব হামলা চালানো হয়। এতে বিয়ের অনুষ্ঠানস্থল, স্কুল ও আবাসিক এলাকা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কারেনি রাজ্যের অন্তর্বর্তী নির্বাহী পরিষদের সেক্রেটারি-২ বানিয়া খুং অং এপিকে জানান, গত ২৮ নভেম্বর শান রাজ্যের লে কি লোন গ্রামে একটি স্কুল ও আশ্রয়শিবিরের কাছে বিয়ের অনুষ্ঠানের প্রস্তুতি চলছিল। এ সময় যুদ্ধবিমান থেকে বোমা হামলা চালানো হলে শিশুসহ ২১ জন নিহত এবং ৩০ জন আহত হন।

তিনি এ হামলাকে স্পষ্ট যুদ্ধাপরাধ বলে অভিহিত করেছেন।

গণতন্ত্রপন্থি ও জাতিগত সশস্ত্র গোষ্ঠীগুলোকে দমনে মিয়ানমারের জান্তা বাহিনী দীর্ঘদিন ধরে বিমান হামলা চালিয়ে আসছে। এসব হামলায় প্রায়ই বেসামরিক মানুষ হতাহত হচ্ছেন।

উল্লেখ্য, ২০২১ সালের ফেব্রুয়ারিতে অং সান সু চির নির্বাচিত সরকারকে ক্ষমতাচ্যুত করে সামরিক বাহিনী ক্ষমতা দখলের পর থেকে মিয়ানমারে রক্তক্ষয়ী সংঘাত চলছে।

সর্বশেষ বিমান হামলার বিষয়ে জান্তা সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক কোনো মন্তব্য পাওয়া যায়নি।

সূত্র: বার্তা সংস্থা এপি