tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকচীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন ভারত

চীন-পাকিস্তান-তুরস্কের সামরিক ঘনিষ্ঠতা, উদ্বিগ্ন ভারত

চীন ও তুরস্কের সহযোগিতায় পাকিস্তানের মহাকাশভিত্তিক সামরিক সক্ষমতা বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন ভারতের চিফ অব ডিফেন্স স্টাফ (সিডিএস) জেনারেল এন এস রাজা সুব্রামানি। আঞ্চলিক নিরাপত্তা ও কৌশলগত ভারসাম্য বজায় রাখতে ভারতকেও দ্রুত মহাকাশভিত্তিক সামরিক প্রযুক্তির উন্নয়নে মনোযোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।

গত শুক্রবার দিল্লির বিবেকানন্দ ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনে আয়োজিত এক অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে এসব কথা বলেন ভারতের এই শীর্ষ সামরিক কর্মকর্তা।

জেনারেল সুব্রামানি বলেন, চীনের সহযোগিতায় পাকিস্তানের মহাকাশ কর্মসূচি এগিয়ে যাচ্ছে। একই সঙ্গে পাকিস্তানের মহাকাশ গবেষণা সংস্থা ‘সুপারকো’ নিজেদের সক্ষমতা বাড়ানোর চেষ্টা করছে। এ ক্ষেত্রে তুরস্কের কাছ থেকেও দেশটি সহযোগিতা পেতে পারে বলে ধারণা করা হচ্ছে।

তিনি আরও বলেন, ‘অপারেশন সিঁদুর’-এর সময় এবং পরবর্তী সময়ে পাকিস্তান, চীন ও তুরস্কের মধ্যে যে সামরিক ঘনিষ্ঠতা তৈরি হয়েছে, তা ভারতের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ উদ্বেগের বিষয়।

ভারতের সিডিএসের মতে, গোয়েন্দা তথ্য সংগ্রহ, নজরদারি এবং দিকনির্দেশনা ও সময় নির্ধারণের মতো গুরুত্বপূর্ণ ক্ষেত্রে চীনের উন্নত প্রযুক্তি ব্যবহারের সুযোগ পেতে পারে পাকিস্তান। এমন সহযোগিতা দেশটির যুদ্ধক্ষেত্রের সক্ষমতা ও নজরদারির ক্ষমতা উল্লেখযোগ্যভাবে বাড়িয়ে দিতে পারে। তাই ভারতের সামরিক ও কৌশলগত পরিকল্পনায় বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা প্রয়োজন।

এই চ্যালেঞ্জ মোকাবিলায় ভারতের ‘স্পেস বেসড সার্ভেইল্যান্স’ (এসবিএস) ফেজ-৩ প্রকল্পের কথা তুলে ধরেন জেনারেল সুব্রামানি। এ প্রকল্পের আওতায় আগামী তিন বছরে ৫২টি বিশেষায়িত সামরিক স্যাটেলাইট মহাকাশে পাঠানোর পরিকল্পনা রয়েছে ভারতের।

২৬ হাজার ৯৬৮ কোটি রুপির এ প্রকল্পে ২১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের দায়িত্ব পালন করবে ভারতের মহাকাশ গবেষণা সংস্থা ইসরো। বাকি ৩১টি স্যাটেলাইট তৈরি ও উৎক্ষেপণের দায়িত্ব থাকবে বেসরকারি প্রতিষ্ঠানগুলোর ওপর।

এ ছাড়া চীনের ক্রমবর্ধমান মহাকাশ সক্ষমতা নিয়েও সতর্ক করেন ভারতের এই সামরিক কর্মকর্তা। তিনি জানান, বেইজিং এমন প্রযুক্তি উন্নয়নে কাজ করছে, যার মাধ্যমে প্রতিপক্ষের স্যাটেলাইটে আঘাত হানা কিংবা সেগুলোর যোগাযোগ ব্যবস্থা অকার্যকর করা সম্ভব হতে পারে।

জেনারেল সুব্রামানির মতে, আধুনিক যুদ্ধে কৌশলগত সুবিধা ধরে রাখতে হলে ভারতকে মহাকাশ, নজরদারি ও প্রতিরক্ষা প্রযুক্তিতে বিনিয়োগ বাড়াতে হবে। কারণ, বর্তমান যুদ্ধকৌশলে স্থল, জল ও আকাশের পাশাপাশি মহাকাশেও সামরিক সক্ষমতা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

সূত্র: এনডিটিভি