tanaka
প্রচ্ছদসারাদেশচকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৪ দোকান

চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই ১৪ দোকান

কক্সবাজারের চকরিয়ায় ভয়াবহ অগ্নিকাণ্ডে একটি মার্কেটের ১৪টি দোকান সম্পূর্ণ পুড়ে গেছে। এ ছাড়া আগুনে আশপাশের কয়েকটি দোকানও আংশিক ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ব্যবসাপ্রতিষ্ঠানের মালামাল, ওষুধ, নগদ অর্থসহ বিভিন্ন মূল্যবান সামগ্রী পুড়ে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের প্রাথমিক হিসাবে, আগুনে প্রায় এক কোটি টাকার সম্পদ নষ্ট হয়েছে। জীবিকার একমাত্র অবলম্বন হারিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তারা।

শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে চকরিয়া উপজেলার কাকারা ইউনিয়নের মাঝারফাঁড়ি বাজারের রেজা মার্কেটে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, ঘটনার সময় মার্কেটের একটি ডেকোরেটার্সের দোকানে টমটম (ইজিবাইক) চার্জে দেওয়া ছিল। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, সেখানকার বৈদ্যুতিক শর্টসার্কিট থেকেই আগুনের সূত্রপাত। অল্প সময়ের মধ্যে আগুন মার্কেটের অন্যান্য দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে চকরিয়া ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনে।

আগুনে জিয়াবুল হকের ওষুধের ফার্মেসি, তারেক সওদাগরের মুদি দোকান, তামজিদুল ইসলামের হার্ডওয়্যার ও তেলের দোকান, তৌহিদুল ইসলামের মুরগির দোকান, মনজুর আলমের হার্ডওয়্যার দোকান এবং আনছারের কাপড়ের দোকান পুড়ে গেছে। এ ছাড়া চারটি সেলুন, দুটি ইলেকট্রনিকসের দোকান, একটি ডেকোরেটার্স ও একটি লন্ড্রি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। আশপাশের আরও কয়েকটি দোকানও আংশিক ক্ষতির মুখে পড়েছে।

ক্ষতিগ্রস্ত ফার্মেসি ব্যবসায়ী জিয়াবুল হক জানান, তার দোকানে থাকা ৫ থেকে ৬ লাখ টাকা নগদ অর্থসহ প্রায় ২৫ লাখ টাকার ওষুধ ও অন্যান্য সামগ্রী পুড়ে গেছে। তিনি বলেন, ‘এ ব্যবসাই ছিল আমার জীবিকার প্রধান অবলম্বন। মুহূর্তের মধ্যে সবকিছু শেষ হয়ে যাবে, তা কখনো কল্পনাও করিনি।’

ব্যবসায়ীদের ভাষ্য, আগুনে দোকানের পণ্যসামগ্রীর পাশাপাশি নগদ অর্থও পুড়ে গেছে। সব মিলিয়ে ক্ষতির পরিমাণ এক কোটি টাকার বেশি হতে পারে। দীর্ঘদিনের ব্যবসাপ্রতিষ্ঠান হারিয়ে অনেকেই কান্নায় ভেঙে পড়েন। হঠাৎ সব হারিয়ে নতুন করে ঘুরে দাঁড়ানো নিয়ে চরম অনিশ্চয়তায় রয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।

চকরিয়া ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ দিদারুল হক জানান, ভোরে কাকারা ইউনিয়নের মাঝারফাঁড়ি বাজারে আগুন লাগার খবর পেয়ে দ্রুত দুটি ইউনিট পাঠানো হয়। পরে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়। প্রাথমিক তদন্তে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে। এতে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে।