রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে ক্রমেই কমছে তাপমাত্রা। সেই সঙ্গে বাড়ছে শীতের অনুভূতি। বিশেষ করে রাত ও ভোরে শীতের আমেজ স্পষ্ট হয়ে উঠছে। উত্তরাঞ্চলের জেলাগুলোতে শীতের প্রকোপ তুলনামূলক বেশি অনুভূত হচ্ছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস, ডিসেম্বরের শুরু থেকেই দেশের বিভিন্ন অঞ্চলে শীতের তীব্রতা বাড়তে পারে।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, আগামী রোববার পর্যন্ত সারা দেশে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। এ সময় আংশিক মেঘলা আকাশসহ আবহাওয়া প্রধানত শুষ্ক থাকার সম্ভাবনা রয়েছে। তবে সোমবার থেকে রাত ও দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।
আবহাওয়ার প্রচলিত ধারায় সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে শীতের অনুভূতি শুরু হয়। নভেম্বর নাগাদ তা স্পষ্ট হয়ে ওঠে। ডিসেম্বর ও জানুয়ারিতে শীতের তীব্রতা বাড়ে এবং ফেব্রুয়ারিতে ধীরে ধীরে কমতে থাকে। তবে সাম্প্রতিক বছরগুলোতে এ ধারায় পরিবর্তন দেখা যাচ্ছে। শীতের আগমন পিছিয়ে যাওয়ার পাশাপাশি মৌসুমের গড় তাপমাত্রাও বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ড. আবুল কালাম মল্লিক বলেন, সাধারণত ২৫ ডিগ্রি সেলসিয়াসের নিচের তাপমাত্রাকে শীতের আবহাওয়া হিসেবে বিবেচনা করা হয়। সাম্প্রতিক বছরগুলোতে নভেম্বর থেকে শীতের মৌসুমের অনুভূতি শুরু হচ্ছে। এল নিনো সক্রিয় থাকায় এবার খুব বেশি শীত পড়ার সম্ভাবনা কম। শৈত্যপ্রবাহ দেখা দিলেও তা কয়েক দিনের বেশি স্থায়ী নাও হতে পারে। সামগ্রিকভাবে চলতি মৌসুমে তুলনামূলক কম শীত বা কিছুটা উষ্ণ আবহাওয়ার পূর্বাভাস রয়েছে।
শুক্রবার দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ১৪ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। অন্যদিকে সর্বোচ্চ তাপমাত্রা ছিল চট্টগ্রামের সন্দ্বীপে ৩১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস।
এদিকে তিন দিনের ব্যবধানে রাজধানী ঢাকার সর্বনিম্ন তাপমাত্রা কমেছে সাড়ে তিন ডিগ্রি সেলসিয়াস। গত মঙ্গলবার ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২২ ডিগ্রি সেলসিয়াস। শুক্রবার তা কমে দাঁড়িয়েছে ১৮ দশমিক ৫ ডিগ্রিতে। নভেম্বরের শেষ দিকে তাপমাত্রার এই নিম্নমুখী প্রবণতা শীতের আগমনী বার্তা দিচ্ছে। বিশেষ করে দেশের উত্তরাঞ্চলে শীতের অনুভূতি বাড়ছে।
আবহাওয়া অধিদপ্তরের মানদণ্ড অনুযায়ী, সর্বনিম্ন তাপমাত্রার ভিত্তিতে শৈত্যপ্রবাহকে চার ভাগে ভাগ করা হয়। তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ৯ দশমিক ৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ বলা হয়। ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি হলে মাঝারি, ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তীব্র এবং ৪ ডিগ্রি বা এর নিচে নামলে অতিতীব্র শৈত্যপ্রবাহ হিসেবে গণ্য করা হয়। সাধারণত মাঝারি থেকে তীব্র শৈত্যপ্রবাহের সময়ই হাড়কাঁপানো শীত অনুভূত হয়।
আবহাওয়া অধিদপ্তরের নভেম্বর থেকে জানুয়ারি পর্যন্ত তিন মাসের পূর্বাভাসে বলা হয়েছে, এ সময়ে দেশে আট থেকে ১০টি মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এর মধ্যে দুই থেকে তিনটি মাঝারি এবং একটি তীব্র শৈত্যপ্রবাহে রূপ নিতে পারে। তবে নভেম্বর, ডিসেম্বর ও জানুয়ারি—এই তিন মাসেই দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় বেশি থাকার সম্ভাবনা রয়েছে।
আবহাওয়াবিদ ড. মুহাম্মদ বজলুর রশিদ বলেন, বাংলাদেশে শীতের তীব্রতা নির্ধারণে সাইবেরিয়ান উচ্চচাপ বলয় ও উত্তর-পশ্চিমা বায়ুপ্রবাহ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। শীতকালে সূর্য দক্ষিণ গোলার্ধে অবস্থান করায় সাইবেরিয়া ও হিমালয় অঞ্চলে বায়ুচাপ বেড়ে যায়। এর প্রভাবে হিমালয়ের পাদদেশ দিয়ে উত্তর ও উত্তর-পশ্চিম দিক থেকে শীতল ও শুষ্ক বাতাস বাংলাদেশে প্রবেশ করে। এই বায়ুপ্রবাহ যত শক্তিশালী ও বাধাহীন হয়, শীতের তীব্রতা এবং শৈত্যপ্রবাহের আশঙ্কাও তত বাড়ে।
এদিকে উত্তরের হিমালয়কন্যা হিসেবে পরিচিত পঞ্চগড়ে ইতোমধ্যে শীতের প্রকোপ বাড়তে শুরু করেছে। টানা চার দিন ধরে জেলার তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ১৫ ডিগ্রি সেলসিয়াসের নিচে রয়েছে। ভোরের হালকা কুয়াশা এবং রাতভর বয়ে চলা হিমেল বাতাসে শীতের অনুভূতি ক্রমেই বাড়ছে।
তেঁতুলিয়া আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহের শুরু থেকেই এ অঞ্চলে তাপমাত্রা কমতে শুরু করেছে। গত মঙ্গলবার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। বুধবার (২৫ নভেম্বর) তা কমে দাঁড়ায় ১৩ দশমিক ৫ ডিগ্রিতে। পরদিন বৃহস্পতিবার (২৬ নভেম্বর) তাপমাত্রা কিছুটা বেড়ে রেকর্ড করা হয় ১৪ দশমিক ১ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৮ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।
স্থানীয়ভাবে দেখা গেছে, দিনের বেলায় সূর্যের তাপ থাকায় শীতের অনুভূতি কিছুটা কম থাকে। তবে বিকেল গড়িয়ে সন্ধ্যা নামার সঙ্গে সঙ্গে উত্তরের হিমেল বাতাসে বাড়তে থাকে শীতের দাপট। রাত গভীর হওয়ার সঙ্গে সঙ্গে তা আরও তীব্র হয়। ভোরে কুয়াশা তুলনামূলক কম থাকলেও ঠান্ডা বাতাস উপেক্ষা করে জীবিকার তাগিদে মাঠে ও কর্মস্থলে ছুটছেন কৃষকসহ নিম্ন আয়ের শ্রমজীবী মানুষ।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, এ অঞ্চলে তাপমাত্রা ধীরে ধীরে কমছে। আগামী ডিসেম্বর মাসে পঞ্চগড় ও আশপাশের এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।



