tanaka
প্রচ্ছদসারাদেশলক্ষ্মীপুরের ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

লক্ষ্মীপুরের ১৪ স্থানে নিষিদ্ধ ছাত্রলীগের মশাল মিছিল

লক্ষ্মীপুরের বিভিন্ন এলাকায় মশাল জ্বালিয়ে মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। শুক্রবার (২৭ নভেম্বর) সন্ধ্যার পর জেলার চন্দ্রগঞ্জ, রায়পুর, কমলনগর, রামগতি ও রামগঞ্জসহ ১৪টি স্থানে এসব কর্মসূচি পালন করা হয়। মিছিলের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে দিয়েছেন সংগঠনটির নেতাকর্মীরা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, জনসমাগমপূর্ণ এলাকায় এসব মিছিলের কোনো উপস্থিতি তারা দেখতে পাননি। তাদের দাবি, নির্জন এলাকা ও বিভিন্ন সড়কে মিছিল করে সেগুলোর ভিডিও ধারণ করা হয়েছে। পরে সেসব ভিডিও ফেসবুকে প্রচার করা হয়।

নিষিদ্ধ ছাত্রলীগের লক্ষ্মীপুর জেলা কমিটির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন ভূঁইয়া মিছিলের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আওয়ামী লীগের ঘোষিত আট দফা দাবি বাস্তবায়নের লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয়েছে। ছাত্রলীগের ব্যানারে জেলার ১৪টি এলাকায় মশাল মিছিল অনুষ্ঠিত হয়েছে। একই দাবিতে আগামীতে আরও কয়েকটি স্থানে মিছিল করার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) হোসাইন মোহাম্মদ রায়হান কাজেমী বলেন, সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিছিলগুলোর ভিডিও তারা দেখেছেন। এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।