ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা করার দাবিতে টানা বিক্ষোভ, সড়ক অবরোধ ও সংঘর্ষের পর ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে গাজীপুরের শিল্পাঞ্চলের পরিস্থিতি। মজুরি বোর্ডের নতুন বেতন কাঠামো ঘোষণার পর তিন দিনের ছুটি শেষে শনিবার সকালে অধিকাংশ পোশাক কারখানায় কাজে ফিরেছেন শ্রমিকরা। কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রমও শুরু হয়েছে। তবে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা ৩৫টি কারখানা এখনো চালু হয়নি।
শনিবার (২৮ নভেম্বর) সকাল ৮টা থেকে শ্রমিকরা নিজ নিজ কর্মস্থলে যোগ দিতে শুরু করেন। এতে ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কসংলগ্ন শিল্প এলাকাগুলোতে আবারও কর্মচাঞ্চল্য ফিরে আসে। সকাল ১০টা পর্যন্ত শিল্পাঞ্চলের কোথাও নতুন করে অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সকাল থেকেই ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ভোগড়া বাইপাস, নাওজোড়, কোনাবাড়ি, সফিপুর, পল্লী বিদ্যুৎ ও চন্দ্রা এলাকায় শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে দেখা যায়। একই চিত্র ছিল ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের সালনা, রাজেন্দ্রপুর, বাংলাবাজার, ভবানীপুর, হোতাপাড়া, মেম্বারবাড়ি, বাঘের বাজার, গড়গড়িয়া মাস্টারবাড়ি, শিরিরচালা ও বেড়াইদেরচালা এলাকার শিল্পকারখানাগুলোতে।
শ্রমিকদের ভাষ্য, দীর্ঘদিনের আন্দোলন ও কর্মসূচির কারণে শিল্পাঞ্চলের উৎপাদন ব্যাহত হয়েছে। এখন পরিস্থিতি স্বাভাবিক হতে শুরু করায় উৎপাদন ক্ষতি পুষিয়ে নিতে তারা কাজে মনোযোগ দিতে চান।
এদিকে শিল্পাঞ্চলে যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ১৭ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, ১৭ প্লাটুন বিজিবি, শিল্প পুলিশ, জেলা পুলিশ, গাজীপুর মেট্রোপলিটন পুলিশ, এসআরবি ও আনসার ব্যাটালিয়নের সদস্য মোতায়েন রয়েছেন। সকাল থেকেই গুরুত্বপূর্ণ সড়ক ও শিল্পকারখানার আশপাশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সতর্ক অবস্থানে দেখা যায়।
গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, শনিবার সকালে শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। এখন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা ৩৫টি কারখানা ছাড়া অন্য কারখানাগুলোতে উৎপাদন কার্যক্রম শুরু হয়েছে।
যেভাবে ছড়িয়ে পড়ে শ্রমিক আন্দোলন
ন্যূনতম মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে গত ২৭ অক্টোবর কালিয়াকৈরের মৌচাক এলাকার একটি পোশাক কারখানায় কর্মবিরতি শুরু করেন শ্রমিকরা। একপর্যায়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে সড়কে বাঁশ ও কাঠ জ্বালিয়ে বিক্ষোভ করেন।
পরে পর্যায়ক্রমে পল্লী বিদ্যুৎ মোড়, সফিপুর, কোনাবাড়ি ও কালিয়াকৈরের বিভিন্ন এলাকায় আন্দোলন ছড়িয়ে পড়ে। এর ধারাবাহিকতায় গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকাতেও বিক্ষোভ শুরু হয়। এ সময় সড়ক-মহাসড়ক অবরোধ, কারখানা বন্ধ এবং পুলিশের সঙ্গে শ্রমিকদের সংঘর্ষের ঘটনা ঘটে।
সর্বশেষ দেড় সপ্তাহ আগে গাজীপুর সদর ও শ্রীপুর উপজেলায় সংঘর্ষের ঘটনা ঘটে। আন্দোলনের পরিপ্রেক্ষিতে গত ১ নভেম্বর মালিক ও শ্রমিকপক্ষের প্রতিনিধিদের নিয়ে মজুরি বোর্ড গঠন করে সরকার।
বোর্ডের চতুর্থ সভায় গত মঙ্গলবার (২৪ নভেম্বর) তৈরি পোশাকশ্রমিকদের ন্যূনতম মজুরি ১২ হাজার ৫০০ টাকা থেকে বাড়িয়ে ১৭ হাজার টাকা নির্ধারণ করা হয়। তবে ঘোষিত মজুরিতে সন্তুষ্ট না হয়ে সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলন অব্যাহত রাখেন শ্রমিকদের একটি অংশ।
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পরবর্তী সময়ে বেশ কয়েকটি কারখানায় তিন দিনের ছুটি ঘোষণা করা হয়। বিক্ষোভ, সংঘর্ষ, নতুন মজুরি কাঠামো ঘোষণা ও ছুটি শেষে শনিবার অধিকাংশ শ্রমিক কাজে ফিরেছেন।
তবে ৩৫টি কারখানা এখনো বন্ধ থাকায় গাজীপুরের শিল্পাঞ্চলে উৎপাদন কার্যক্রম পুরোপুরি স্বাভাবিক হয়নি। সংশ্লিষ্টদের মতে, এসব কারখানা চালু হলে শিল্পাঞ্চলের কর্মপরিবেশ আরও স্বাভাবিক হয়ে আসবে।



