tanaka
প্রচ্ছদআন্তর্জাতিকগাজায় এমএসএফের ক্লিনিকে ইসরাইলি হামলা, নিহত দুই নিরাপত্তাকর্মী

গাজায় এমএসএফের ক্লিনিকে ইসরাইলি হামলা, নিহত দুই নিরাপত্তাকর্মী

ফিলিস্তিনের গাজা সিটিতে আন্তর্জাতিক চিকিৎসা ও মানবিক সহায়তা সংস্থা ডক্টরস উইদাউট বর্ডারসের (এমএসএফ) একটি ক্লিনিকে হামলার ঘটনা ঘটেছে। এতে সংস্থাটির দুই কর্মী নিহত হয়েছেন। নিহত দুজনই ওই ক্লিনিকে নিরাপত্তারক্ষী হিসেবে কর্মরত ছিলেন।

শুক্রবার (২৭ নভেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক বিবৃতিতে এ তথ্য জানায় এমএসএফ।

বিবৃতিতে সংস্থাটি জানায়, রাতে গাজায় তাদের একটি ক্লিনিকে ইসরাইলি হামলায় দুই সহকর্মী নিহত হয়েছেন। এ ঘটনায় গভীর শোক ও ক্ষোভ প্রকাশ করেছে তারা। হামলায় নিহতদের দুজনই নিরাপত্তার দায়িত্বে নিয়োজিত ছিলেন। এ নিয়ে গাজায় এমএসএফের নিহত কর্মীর সংখ্যা বেড়ে ১৭ জনে দাঁড়িয়েছে।

এমএসএফের দাবি, হামলার শিকার ক্লিনিক ভবনে সংস্থাটির লোগো স্পষ্টভাবে দৃশ্যমান ছিল। পাশাপাশি ক্লিনিকটির অবস্থান সম্পর্কে আগেই ইসরাইলি সামরিক বাহিনীকে জানানো হয়েছিল। ফলে স্থাপনাটি সম্পর্কে ইসরাইলি কর্তৃপক্ষ অবগত ছিল বলে দাবি সংস্থাটির। এ হামলার জন্য দায়ীদের জবাবদিহির আওতায় আনার আহ্বান জানিয়েছে তারা।

এদিকে হামলার পর ইসরাইলি সামরিক বাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, নিহত দুই ব্যক্তি হামাসের সদস্য ছিলেন। তবে এ দাবির পক্ষে কোনো প্রমাণ প্রকাশ করেনি তারা।

ঘটনার নিন্দা জানিয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) প্রধান টেড্রোস আধানম গেব্রেইয়েসুস। এক্সে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যারা মানুষের জীবন রক্ষায় নিজেদের ঝুঁকির মধ্যে ফেলেন, তাদের সুরক্ষা নিশ্চিত করা উচিত; তাদের ওপর হামলা চালানো কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।

এ ছাড়া হামলার নিন্দা জানিয়েছে ইউরো-মেড হিউম্যান রাইটস মনিটর। সংস্থাটির ভাষ্য, স্পষ্টভাবে চিহ্নিত এমএসএফের একটি চিকিৎসাকেন্দ্রে হামলা চালানো হয়েছে। তাদের অভিযোগ, ইসরাইল পরিকল্পিতভাবে মানবিক সহায়তা কর্মী ও সংশ্লিষ্ট স্থাপনাগুলোকে লক্ষ্যবস্তু করছে।

তথ্যসূত্র: আল জাজিরা