tanaka
প্রচ্ছদসারাদেশনাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, শনাক্ত হয়নি জড়িত ব্যক্তি

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন, শনাক্ত হয়নি জড়িত ব্যক্তি

নাটোরে গভীর রাতে জুলাই স্মৃতিস্তম্ভে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। তবে এ ঘটনায় জড়িত ব্যক্তিকে এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) ভোর ৪টার দিকে শহরের ভবানীগঞ্জ এলাকায় সরকারি পাবলিক লাইব্রেরির সামনে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে আগুন দেওয়া হয়।

স্থানীয়দের ধারণ করা ভিডিওতে দেখা যায়, মুখে সাদা রুমাল বাঁধা এক যুবক স্মৃতিস্তম্ভে আগুন ধরিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করেন।

এ ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন জুলাই যোদ্ধা সাজ্জাদ আহমেদ। তিনি জানান, নাটোরের জুলাই স্মৃতিস্তম্ভটি উন্মুক্ত স্থানে অবস্থিত। চারপাশে কোনো বেষ্টনী না থাকায় এটি নিরাপত্তাঝুঁকিতে রয়েছে। বিষয়টি প্রশাসনকে জানানো হলেও স্মৃতিস্তম্ভের সুরক্ষায় কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে অভিযোগ করেন তিনি।

সাজ্জাদ আহমেদ আরও বলেন, একটি গোষ্ঠী দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। এ ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তিনি।

নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর আগেই আগুন নিভে যায়। বিষয়টি তদন্ত করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।