বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসে কেফিয়াহ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে।
রোববার (২৯ নভেম্বর) বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ঢাবি শাখার উদ্যোগে এ কর্মসূচি পালিত হবে।
ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) সহ-সভাপতি (ভিপি) সাদিক কায়েম সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দেওয়া এক পোস্টে এ তথ্য জানিয়েছেন।
রোববার দুপুর আড়াইটার দিকে টিএসসি থেকে কেফিয়াহ মার্চ শুরু হবে। এতে প্রথম ৫০০ জন অংশগ্রহণকারীর জন্য থাকছে বিনামূল্যে একটি করে কেফিয়াহ।
বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবসে নির্যাতিত ফিলিস্তিনি জনগণের পাশে দাঁড়াতে এবং তাদের প্রতি সংহতি জানিয়ে একসঙ্গে কণ্ঠ তোলার আহ্বান জানানো হয়েছে।
২৯ নভেম্বর ফিলিস্তিনিদের প্রতি বিশ্ব সংহতি দিবস। তৎকালীন ব্রিটিশ ম্যান্ডেটভুক্ত ফিলিস্তিনকে ভাগ করতে ১৯৪৭ সালের ২৯ নভেম্বর ‘ইউনাইটেড নেশনস পার্টিশন প্ল্যান ফর প্যালেস্টাইন’ প্রস্তাব (জাতিসংঘ রেজোলিউশন ১৮১) অনুমোদিত হয়। এর ঠিক ৩০ বছর পর ১৯৭৭ সালে জাতিসংঘ সাধারণ পরিষদ এ দিনটিকে ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করতে বিশ্ব ফিলিস্তিন সংহতি দিবস হিসেবে গ্রহণ করে। এরপর থেকেই মূলত এ দিনটি বিশ্ব ফিলিস্তিনি সংহতি দিবস হিসেবে সারা বিশ্বে পালিত হয়ে আসছে।



